একটা সময় নির্ঘাত ভয় পাচ্ছিল পাকিস্তান ভক্তরা। নেদারল্যান্ডসের বিপক্ষে চোখ রাঙাচ্ছিল হার। ২ ওভারে পাকিস্তানের প্রয়োজন ২৯, হাতে ৩ উইকেট। ১৯তম ওভারে ফাহিম আশরাফ তাণ্ডব চালালেন। তিনটি ছক্কা ও একটি চারে আনেন ২৪ রান। তাতেই শঙ্কা কাটে। নেদারল্যান্ডসের বিপক্ষে পাকিস্তান তুলে নেয় ৩ উইকেটের জয়।
টি-টোয়েন্টি বিশ্বকাপে আজ শনিবার (৭ ফেব্রুয়ারি) প্রথম ম্যাচে মুখোমুখি হয় পাকিস্তান-নেদারল্যান্ডস। কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাবে টস হেরে ব্যাটিংয়ে নামে নেদারল্যান্ডস। ১৯.৫ ওভারে ১৪৭ রানে অলআউট হয় ডাচরা। জবাবে ১৯.৩ ওভারে ৭ উইকেটে ১৪৮ রান করে পাকিস্তান।
পাকিস্তানের পক্ষে ৩১ বলে ৪৭ রান করেন ওপেনার সাহিবজাদা ফারহান। এটিই দলীয় সর্বোচ্চ। আরেক ওপেনার সাইম আইয়ুব ১৩ বলে ২৪ রান করেন। দেখেশুনে এগোনো পাকিস্তান মাঝে খেই হারায়। ৯৮ রানে ২ উইকেট থেকে ১১৪ রানে পরিণত হয় তারা। ১৬ রানে ৫ উইকেট হারিয়ে হারের শঙ্কায় পড়ে। তবে, শেষ দিকে ফাহিমের ১১ বলে অপরাজিত ২৯ রানে জয় নিশ্চিত হয় পাকিস্তানের।
নেদারল্যান্ডসের পক্ষে পন ফন মিকেরেন নেন দুটি করে উইকেট।
ব্যাটিংয়ে ডাচদের পক্ষে ব্যাট হাতে সেভাবে ইনিংস বড় করতে পারেননি কেউ। ২৯ বলে দলীয় সর্বোচ্চ ৩৭ রান করেন অধিনায়ক স্কট এডওয়ার্ডস। ২৫ বলে ৩০ করেন বাস ডি লিড।
পাকিস্তানের পক্ষে তিন উইকেট পান সালমান মির্জা। দুটি করে উইকেট নেন মোহাম্মদ নাওয়াজ, আবরার আহমেদ ও সাইম আইয়ুব।



