যুদ্ধপূর্ব অবস্থানে ফিরতে হবে ইসরায়েলকে, এটাই হিজবুল্লাহর প্রধান দাবি: আইআরজিসি
আন্তর্জাতিক ডেস্ক: লেবাননে সংঘাত বন্ধের প্রধান ও মূল শর্ত হলো— ইসরায়েলি সামরিক বাহিনীকে অবশ্যই যুদ্ধ শুরু হওয়ার আগের অবস্থানে ফিরে যেতে হবে। ইরানের প্রভাবশালী সামরিক বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর একজন শীর্ষ কমান্ডার এই মন্তব্য করেছেন। খবর আল জাজিরার
আইআরজিসি’র কুদস ফোর্সের কমান্ডার ইসমাইল কানি বলেন, ইরানের বিরুদ্ধে ‘আমেরিকা-ইসরায়েল যুদ্ধ’ শুরু হওয়ার আগে ইসরায়েলি বাহিনী লেবানন সীমান্তে যে অবস্থানে ছিল, হিজবুল্লাহর মূল দাবি হলো তাদের ঠিক সেই অবস্থানেই ফিরে (পিছু হটতে) যেতে হবে।
সাহসী প্রতিরোধের ফল দ্রুতই দেখা যাবে:
কুদস ফোর্স প্রধান জেনারেল ইসমাইল কানি জোর দিয়ে বলেন, হিজবুল্লাহর যোদ্ধারা খুব শীঘ্রই তাদের এই “সাহসী ও বীরত্বপূর্ণ প্রতিরোধের ফলাফল” দেখতে পাবেন। লেবানন দখল করে রাখা ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে হিজবুল্লাহর এই লড়াইকে সমর্থন করা বিশ্বের “সকল মুসলমানের পবিত্র দায়িত্ব ও কর্তব্য” বলেও মন্তব্য করেন তিনি।
একই সাথে মধ্যপ্রাচ্যের ভূরাজনীতি ও ভবিষ্যৎ নিয়ে হুঁশিয়ারি উচ্চারণ করে এই ইরানি কমান্ডার বলেন, “এই অঞ্চল থেকে ইসরায়েলকে সম্পূর্ণরূপে নির্মূল করা একটি অর্জনযোগ্য লক্ষ্য।” অর্থাৎ, সঠিক প্রতিরোধ ও কৌশলের মাধ্যমে অঞ্চল থেকে ইসরায়েলি আধিপত্য চিরতরে মুছে ফেলা সম্ভব বলে মনে করেন তিনি।