আর্জেন্টিনায় বনভূমির আগুন নেভানোর সময় হেলিকপ্টার বিধ্বস্ত, ৭ জনের মৃত্যু

July 30, 2026 | Feature-2 |

আন্তর্জাতিক ডেস্ক: আর্জেন্টিনার সান হুয়ান প্রদেশে বনাঞ্চলের আগুন নেভানোর অভিযানে ব্যবহৃত একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৭ জন নিহত হয়েছেন।

বুধবার (২৯ জুলাই ২০২৬) স্থানীয় সময় সকাল সাড়ে ১০টার দিকে ‘বেল ৪১২’ (Bell 412) মডেলের ওই হেলিকপ্টারটির সঙ্গে নিয়ন্ত্রণকক্ষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

প্রশিক্ষণের পর উদ্ধার অভিযানে যাত্রাকালে দুর্ঘটনা
স্থানীয় কতৃপক্ষ জানিয়েছে, সান হুয়ান প্রদেশে প্রশিক্ষণ শেষে প্রতিবেশী লা রিওহা প্রদেশের বনাঞ্চলের ভয়াবহ আগুন নেভানোর কাজে যাওয়ার পথে হেলিকপ্টারটি দুর্ঘটনার শিকার হয়। পরবর্তীতে উদ্ধারকারী দল আরেকটি হেলিকপ্টার পাঠিয়ে সান হুয়ানের ইশকিগুয়্যালাস্টো জাতীয় উদ্যানের দুর্গম পার্বত্য অঞ্চল থেকে বিধ্বস্ত হেলিকপ্টারটির ধ্বংসাবশেষ উদ্ধার করে।

সান হুয়ানের গভর্নর মার্সেলো ওরেগো গভীর শোক প্রকাশ করে নিশ্চিত করেছেন যে, বিমানে থাকা ৭ জনের সবাই প্রাণ হারিয়েছেন।

নিহত ও তদন্তের অবস্থা
উদ্ধার দল নিশ্চিত করেছে, মর্মান্তিক এই দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের মধ্যে স্থানীয় গুরুত্বপূর্ণ প্রশাসনিক ও জরুরি সেবা বিভাগের কর্মকর্তা ছিলেন। তাঁদের মধ্যে সিভিল ডিফেন্সের প্রাদেশিক পরিচালক, ফায়ার সার্ভিস প্রধান এবং পুলিশের উপ-প্রধান সহ উদ্ধারকারী কর্মী ও বৈমানিক অন্তর্ভুক্ত রয়েছেন।

দুর্গম পাহাড়ি এলাকা হওয়ায় লাশ উদ্ধার করতে উদ্ধারকারীদের বেগ পেতে হয়। হেলিকপ্টারটি কী কারিগরি ত্রুটির কারণে নাকি বৈরী আবহাওয়ার মুখে পড়ে বিধ্বস্ত হয়েছে, তা খতিয়ে দেখতে ইতোমধ্যে তদন্ত শুরু করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী ও বিমান চলাচল কর্তৃপক্ষ।



Leave a Comment