২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৮৩৫

July 30, 2026 | Feature-2 |

নিউজ ডেস্ক: দেশে ছড়িয়ে পড়া হামের প্রাদুর্ভাবে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। তবে একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যুর ঘটনা ঘটেনি।

আজ বৃহস্পতিবার (৩০ জুলাই ২০২৬) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এই উদ্বেগজনক তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৩৫ শিশুর শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে। একই সময়ে হামের উপসর্গ দেখা দিয়েছে আরও ৮৭০ জন শিশুর মধ্যে। সব মিলিয়ে একদিনেই আক্রান্ত ও উপসর্গ থাকা শিশুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৫ জনে।

মৃত্যু ও আক্রান্তের সার্বিক হিসাব
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে ৩০ জুলাই পর্যন্ত সারা দেশে হাম ও হামের উপসর্গ মিলিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৩৫ জনে।

উপসর্গ নিয়ে মৃত্যু: ৭৩৯ জন শিশু।

নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মৃত্যু: ৯৬ জন শিশু।

হাসপাতালের বর্তমান চিত্র
গত ২৪ ঘণ্টায় নতুন করে ৮১৬ জন শিশুকে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং চিকিৎসা শেষে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছে ৮৫৫ জন শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ১৫ মার্চ থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত দেশে মোট সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ২৭ হাজার ৪১০ জনে। এদের মধ্যে ল্যাব পরীক্ষায় নিশ্চিতভাবে হাম আক্রান্ত পাওয়া গেছে ১৫ হাজার ৮৭৪ জনের শরীরে।

এ পর্যন্ত মোট ১ লাখ ১০ হাজার ১৮২ জন শিশু হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছে, যার মধ্যে ১ লাখ ৬ হাজার ৫৩ শিশু সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।



Leave a Comment