ফ্যাসিবাদের পুনরাবৃত্তি এ দেশের মানুষ মেনে নেবে না: চোখ হারানো আলিফকে দেখে জামায়াত আমীর

July 31, 2026 | Feature-2 |

বিশেষ প্রতিবেদক: হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি শেষে ছাত্রদলের হামলায় গুরুতর আহত হয়ে বাম চোখের দৃষ্টিশক্তি হারানো কিশোর আলিফ চৌধুরীকে দেখতে হাসপাতালে গিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি।

আজ শুক্রবার (৩১ জুলাই ২০২৬) বিকেল ৪টায় রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে যান বিরোধীদলীয় নেতা। এ সময় তিনি চিকিৎসাধীন আলিফের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং চিকিৎসকদের কাছ থেকে চিকিৎসার অগ্রগতি সম্পর্কে বিস্তারিত জেনে ভুক্তভোগী পরিবারকে গভীর সমবেদনা জানান।

হাসপাতাল থেকে বের হয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ডা. শফিকুর রহমান বলেন, “২০২৪-পরবর্তী বাংলাদেশে আমরা আর কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড কিংবা ফ্যাসিবাদের ছায়া দেখতে চাই না। জনগণের রক্ত ও আত্মত্যাগের মধ্য দিয়ে যে ফ্যাসিবাদ বিদায় হয়েছে, সেই ফ্যাসিবাদের পুনরাবৃত্তি এ দেশের মানুষ কখনো মেনে নেবে না, বরদাশতও করবে না।”

হামলা ও বিচার ব্যবস্থার সমালোচনা
পরিবর্তিত দেশেও রাজনৈতিক সহিংসতার ঘটনাকে হতাশাজনক আখ্যা দিয়ে তিনি আরও বলেন, “হামলাকারীরা যেই দলেরই হোক না কেন, তাদের অবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। আমরা দেখতে চাই সরকার এই ঘটনার বিরুদ্ধে কী পদক্ষেপ গ্রহণ করে।”

মামলা গ্রহণে বাধার অভিযোগ তুলে জামায়াত আমীর বলেন, “ভুক্তভোগীরা বিচার চাইতে গিয়ে মামলা দায়ের করতেও নানা প্রতিবন্ধকতার সম্মুখীন হয়েছেন। বহু চেষ্টা-তদবিরের পর মামলা নেওয়া হয়েছে। সরকার জনগণের নিরাপত্তার রক্ষক, কিন্তু জনগণ যদি ন্যায়বিচার পেতেই সংগ্রাম করতে বাধ্য হয়, তবে আইনের শাসনের ওপর আস্থা কীভাবে থাকবে? আমরা ব্যর্থতার অজুহাত দেখতে চাই না, কার্যকর পদক্ষেপ দেখতে চাই।”

দুর্নীতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি
সরকারের ভেতরের দুর্নীতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকারের সমালোচনা করে বিরোধীদলীয় নেতা বলেন, “সম্প্রতি সরকারের একজন মন্ত্রী নিজেই স্বীকার করেছেন যে দুর্নীতি বেড়েছে। যদি সরকারের ভেতর থেকেই এমন কথা আসে, তবে পরিস্থিতি বদলাবে কীভাবে? অন্যদিকে হবিগঞ্জে ১৪৪ ধারা জারি করে রাজনৈতিক কর্মসূচিতে বাধা দেওয়া হচ্ছে, অথচ মতপ্রকাশ ও শান্তিপূর্ণ কর্মসূচি পালনের অধিকার রাষ্ট্রেরই রক্ষা করার কথা।”

হামলার প্রেক্ষাপট ও বর্তমান পরিস্থিতি
উল্লেখ্য, গত ২৮ জুলাই হবিগঞ্জে এনসিপির ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি শেষে নেতাকর্মীদের ওপর হামলায় ছাত্রশক্তির হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা শাখার সংগঠক ও স্কুল শিক্ষার্থী আলিফ চৌধুরী চোখে রডের আঘাত পেয়ে গুরুতর আহত হন।

গত বুধবার তাকে ঢাকায় এনে বৃহস্পতিবার অস্ত্রোপচার করা হলেও গুরুতর আঘাতের কারণে তার বাম চোখের দৃষ্টিশক্তি রক্ষা করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

ডা. শফিকুর রহমানের সাথে হাসপাতাল পরিদর্শনের সময় আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি, শেরেবাংলা নগর উত্তর থানা আমীর আব্দুল আউয়াল আজম, এনডিএফ নেতা ডা. হাসান আল বান্না এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন ও যুগ্ম সদস্যসচিব এস এম সাইফ মোস্তাফিজ।



Leave a Comment