বন্ধ না রেখে সুগার মিল লাভজনক করার উদ্যোগ: নাটোর পরিদর্শনে রিজভী

July 31, 2026 | Feature-2 |

নাটোর প্রতিনিধি: দেশের সুগার মিলগুলোকে সারাবছর উৎপাদনশীল রাখা এবং উপজাত (বাই-প্রোডাক্ট) পণ্য তৈরির মাধ্যমে সেগুলোকে লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তরের পরিকল্পনা করছে সরকার।

আজ শুক্রবার (৩১ জুলাই ২০২৬) বিকেলে নাটোর সুগার মিল পরিদর্শনে গিয়ে এই কথা জানান বিএনপির যুগ্ম মহাসচিব ও শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা রুহুল কবির রিজভী।

কর্মপরিকল্পনা ও স্থানীয় শিল্প উদ্যোগ
চিনিকলগুলোর বর্তমান অবস্থা তুলে ধরে শিল্প উপদেষ্টা বলেন, “দেশের সুগার মিলগুলো বছরের মাত্র কয়েক মাস চালু থাকে এবং বাকি সময় বন্ধ থাকে। এই মিলগুলোকে কীভাবে সারাবছর চালু রাখা যায় এবং উৎপাদনশীল রাখা যায়, সে বিষয়ে গুরুত্ব দিয়ে চিন্তাভাবনা করছে সরকার।”

তিনি আরও বলেন, “বাই-প্রোডাক্ট তৈরি করে সুগার মিলগুলোকে নতুন করে লাভজনক করার পরিকল্পনা নেওয়া হচ্ছে। এর পাশাপাশি বিসিক শিল্পনগরী সম্প্রসারণের ক্ষেত্রে স্থানীয় সংসদ সদস্যের পরামর্শের পাশাপাশি শিল্প স্থাপনে স্থানীয় উদ্যোক্তাদের সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।”

পরিদর্শনের সময় জাতীয় সংসদের হুইপ ও স্থানীয় সংসদ সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু, বাংলাদেশ চিনিকল আখ চাষী কল্যাণ ফেডারেশনের সভাপতি মসলেম উদ্দিন এবং নাটোর সুগার মিলের শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক আবু সাইদসহ স্থানীয় দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



Leave a Comment