গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে গাইবান্ধায় জামায়াতের সমাবেশ ও মিছিল

গাইবান্ধা প্রতিনিধি: জুলাই সনদ ও গণভোটের গণরায় দ্রত বাস্তবায়নের দাবিতে গাইবান্ধা পৌর শহীদ মিনারে সমাবেশ ও বিশাল গণমিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী গাইবান্ধা জেলা শাখা।

আজ শনিবার (১ আগস্ট ২০২৬) বিকেলে জেলা জামায়াতের উদ্যোগে পৌর পার্কের শহীদ মিনার চত্বরে এ সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়। এতে জেলার সাতটি উপজেলার বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশ নেন।

প্রধান অতিথির বক্তব্য ও সরকারের সমালোচনা
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে গাইবান্ধা জেলা জামায়াতের আমীর আব্দুল করিম সরকার এমপি বলেন, “জুলাই গণহত্যার সুষ্ঠু বিচার, শহীদদের যথাযথ মর্যাদা প্রতিষ্ঠা এবং গণভোটে অর্জিত জনগণের রায় অবিলম্বে সরকারকে বাস্তবায়ন করতে হবে।”

সরকারের আচরণের সমালোচনা করে বক্তারা বলেন, “বিএনপি সরকার সাবেক ফ্যাসিস্ট সরকারের মতো দেশ পরিচালনা করতে চাইছে। কিন্তু চব্বিশ-পরবর্তী এই স্বাধীন দেশে নতুন করে কোনো ফ্যাসিবাদী শাসনের জন্ম হতে দেওয়া হবে না। একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হয়েছিল। কিন্তু সরকার কারচুপির মাধ্যমে ক্ষমতা গ্রহণ করে এখন গণভোটে প্রাপ্ত জনগণের স্পষ্ট রায়কে উপেক্ষা করতে চাইছে।” অবিলম্বে জাতীয় সংসদে বিল উত্থাপন করে গণভোটের সিদ্ধান্ত ও জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়নের জোর দাবি জানান তারা।

উপস্থিত নেতৃত্ব
জেলা জামায়াতের রাজনৈতিক সেক্রেটারি মাওলানা নজরুল ইসলাম এমপির সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত জেলা সম্পাদক সৈয়দ রোকনুজ্জামানের পরিচালনায় সমাবেশে বক্তব্য দেন জেলা নায়েবে আমীর বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল ওয়ারেছ এমপি, অধ্যাপক মো. মাজেদুর রহমান এমপি, জেলা সহকারী সম্পাদক ও পৌরসভা মেয়র প্রার্থী ফয়সাল কবির রানা, ছাত্রশিবিরের জেলা সম্পাদক মো. ফাহিম মন্ডল, জেলা শ্রমিক কল্যাণ সভাপতি নুরুন্নবী প্রধান এবং জেলা ওলামা সভাপতি মাওলানা সাইদুর রহমান।

এছাড়াও উপস্থিত ছিলেন পৌর জামায়াতের আমীর অধ্যাপক এ.কে.এম ফেরদৌস আলম, সদর উপজেলা আমীর মাওলানা নুরুল ইসলাম মন্ডল, সুন্দরগঞ্জ উপজেলা আমীর শহিদুল ইসলাম মন্জু, গোবিন্দগঞ্জ উপজেলা আমীর আবুল হোসেন, সাদুল্লাপুর উপজেলা আমীর এরশাদুল হক ইমন, সাঘাটা উপজেলা আমীর মাওলানা ইব্রাহীম হোসাইন এবং ফুলছড়ি উপজেলা আমীর মাওলানা সিরাজুল ইসলাম আকন্দসহ জেলা ও উপজেলার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।



Leave a Comment