জুলাই আন্দোলন কারো একক কৃতিত্ব নয়: আতিকুর রহমান রুমন

August 1, 2026 | Feature-2 |

বিশেষ প্রতিবেদক: ফ্যাসিবাদবিরোধী জুলাই আন্দোলন কোনো ব্যক্তি বা একক দলের একক কৃতিত্ব নয়; বরং এটি দেশের গণতন্ত্রকামী সর্বস্তরের মানুষের সম্মিলিত অবদানের ফল বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

আজ শনিবার (১ আগস্ট ২০২৬) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত ‘বুলেটের মুখে বাংলাদেশ, ফ্যাসিবাদের হলো শেষ’ শীর্ষক এক আলোচনা সভা ও আলোকচিত্র প্রদর্শনীতে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

‘আমরা বিএনপি পরিবার’ এবং বাংলাদেশ ফটো জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের (বিপিজেএ) যৌথ উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

একক কৃতিত্ব দাবির বিষয়ে হুশিয়ারি
জুলাই আন্দোলনের অবদান প্রসঙ্গে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব বলেন, “এই আন্দোলনের কৃতিত্ব এককভাবে দাবি করে অন্যদের অবদানকে খাটো করার চেষ্টা থেকে সংশ্লিষ্টদের বিরত থাকা উচিত। নিজেকে জাহির করার মধ্যে কোনো বড়ত্ব বা কৃতিত্ব নেই।”

তিনি শীর্ষ রাজনৈতিক নেতৃত্বের উদাহরণ টেনে বলেন, “বেগম খালেদা জিয়া গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে কারাবরণ ও অমানবিক নির্যাতন সহ্য করেছেন। অন্যদিকে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানও নির্মম নির্যাতনের শিকার হয়ে দীর্ঘ দেড় দশক নির্বাসনে কাটিয়েছেন। তবে তারা কখনোই নিজেদের ব্যক্তিগত ত্যাগকে সামনে এনে একক কৃতিত্ব দাবি করেননি। বিএনপি কখনোই বলেনি যে তারা একাই সব করেছে। যারা আজ একক কৃতিত্ব দাবি করছেন, জনগণ একদিন তাদের প্রত্যাখ্যান করবে এবং ইতিহাসও তাদের সঠিক স্থান দেবে না।”

সাংবাদিকদের ভূমিকার স্বীকৃতি
আন্দোলনকালে পেশাদার সাংবাদিকদের অবদানের কথা স্মরণ করে কৃতজ্ঞতা প্রকাশ করেন আতিকুর রহমান রুমন। তিনি বলেন, “জুলাই গণঅভ্যুত্থানের সময় অনেক সাংবাদিক জীবনের চরম ঝুঁকি নিয়ে বিরোধী রাজনৈতিক নেতাকর্মীদের পাশে দাঁড়িয়েছেন। এমনকি অনেক সাংবাদিক তাঁদের নিজস্ব মোটরসাইকেল ও গাড়িতে তুলে আমাকেসহ বিএনপির বহু নেতাকে নিরাপদ স্থানে পৌঁছে দিয়েছেন। তাঁদের এই সাহসিকতা ও সহযোগিতা চিরস্মরণীয় হয়ে থাকবে।”



Leave a Comment