বকেয়া বেতনের দাবিতে চট্টগ্রামরে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

August 19, 2026 | Feature-2 |

চট্টগ্রাম ব্যুরো: বকেয়া বেতন পরিশোধ ও বিভিন্ন ন্যায্য দাবি আদায়ে চট্টগ্রাম নগরীর আতুরের ডিপো এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ইত্যাদি জিন্স নামক একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা।

বুধবার (১৯ আগস্ট) সকাল থেকে শ্রমিকরা আতুরের ডিপো সংলগ্ন প্রধান সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এতে সড়কের দুই পাশে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায় এবং তীব্র যানজটের সৃষ্টি হয়। ফলে চরম ভোগান্তিতে পড়েন কর্মস্থলগামী মানুষ ও সাধারণ যাত্রীরা।

আন্দোলনরত শ্রমিকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে কারখানা কর্তৃপক্ষ তাদের প্রাপ্য বেতন-ভাতা বকেয়া রেখেছে। বকেয়া পরিশোধের বারবার আশ্বাস দিলেও তা বাস্তবায়ন করা হয়নি। বাধ্য হয়েই তারা পাওনা আদায়ে রাজপথে নেমেছেন। দ্রুততম সময়ের মধ্যে বকেয়া পরিশোধ ও অন্যান্য দাবি মেনে নেওয়া না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন শ্রমিকরা।

ঘটনার খবর পেয়ে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ও স্থানীয় থানা-পুলিশের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন।

ইন্ডাস্ট্রিয়াল পুলিশ চট্টগ্রামের পুলিশ সুপার মাহমুদা বেগম জানান, বকেয়া বেতনের দাবিতে গার্মেন্টস শ্রমিকরা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে। মালিকপক্ষ ও শ্রমিক—উভয় পক্ষের সঙ্গে কথা বলে বিষয়টি সমঝোতার প্রচেষ্টা চলছে।

সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত, আইনশৃঙ্ক্ষলা বাহিনীর সদস্যরা সড়কে যান চলাচল স্বাভাবিক করতে এবং শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দিতে কাজ করে যাচ্ছেন।



Leave a Comment