উত্তরায় আবাসিক ভবনে আগুন, নিহত বেড়ে ৬
রাজধানীর উত্তরায় সাততলা আবাসিক ভবনের দ্বিতীয় তলার ভয়াবহ আগুনে ৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
আজ শুক্রবার (১৬ জানুয়ারি) সকালে এ ঘটনা ঘটে বলে জানান ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম।
মো. আনোয়ারুল ইসলাম জানান, শুক্রবার সকালে উত্তরা সেক্টর-১১ নম্বরের ১৮ নম্বর সড়ক এলাকায় আগুন লাগে। ফায়ার সার্ভিস সকাল ৭টা ৫৪ মিনিটে খবর পায়। দ্রুত ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওয়ানা দেয়। ফায়ার সার্ভিসের ইউনিটগুলো সকাল ৭টা ৫৮ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
আনোয়ারুল ইসলাম আরও জানান, প্রায় আধাঘণ্টার চেষ্টায় সকাল ৮টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। পরে সকাল ১০টার দিকে আগুন সম্পূর্ণভাবে নির্বাপণ করা হয়। আগুনের ভয়াবহতা খুব বেশি ছিল না। কিন্তু যে তলায় আগুন লাগে সেখানে সম্ভবত নিহত তিনজন আটকা পড়েছিলেন। নিহতদের মধ্যে দুইজন নারী ও একজন পুরুষ। তবে তাদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ঘটনায় ১৩ জনকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। তাদের কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও তিনজনের মৃত্যু হয়।
এর আগে ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন জানান, সকাল ৭টা ৫৪ মিনিটে উত্তরা সেক্টর-১১ নম্বরের ১৮ নম্বর সড়কের একটি আবাসিক ভবনে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ঘটনাস্থলে চারটি ইউনিট কাজ করেছে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নির্ধারণ করা যায়নি। ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি তদন্ত করছে।