ইসি ভবন ঘেরাও ছাত্রদলের

January 18, 2026 | Feature-2 |

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পোস্টাল ব্যালটের বিষয়ে পক্ষপাতদুষ্ট আচরণ ও প্রশ্নবিদ্ধ বিভিন্ন সিদ্ধান্তের প্রতিবাদে নির্বাচন কমিশন (ইসি) ঘেরাও করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। এ সময় বিএনপির সহযোগী ছাত্র সংগঠনটি তিন দফা অভিযোগ জানিয়েছে।

আজ রোববার (১৮ জানুয়ারি) আগারগাঁওস্থ ইসি ভবন ঘেরাও করে ছাত্রদল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত সংগঠনটির ঘেরাও কর্মসূচি চলছিল।

কর্মসূচিতে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, ‘আমাদের প্রধান ইস্যু ব্যালট পেপার। একটি বিশেষ রাজনৈতিক দলের প্রভাব বিস্তারে এই ধরনের কর্মকাণ্ড করা হয়েছে। কমিশনে প্রত্যক্ষ ইন্ধনে এই ঘটনা ঘটেছে।’

ছাত্রদলের ৩ অভিযোগ হচ্ছে—

১. পোস্টাল ব্যালট সংক্রান্ত বিষয়ে নির্বাচন কমিশন পক্ষপাতদুষ্ট ও প্রশ্নবিদ্ধ সিদ্ধান্ত নিয়েছে, যা নির্বাচন প্রক্রিয়ার নিরপেক্ষতা নিয়ে গুরুতর সংশয় সৃষ্টি করেছে।

২. বিশেষ একটি রাজনৈতিক গোষ্ঠীর চাপের মুখে দায়িত্বশীল ও যৌক্তিক সিদ্ধান্তের পরিবর্তে হঠকারী ও অদূরদর্শী সিদ্ধান্ত গ্রহণ করছে ইসি, যা কমিশনের স্বাধীনতা ও পেশাদারত্বকে প্রশ্নবিদ্ধ করে।

৩. বিশেষ রাজনৈতিক দলের প্রত্যক্ষ প্রভাব ও হস্তক্ষেপে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন বিষয়ে ইসি নজিরবিহীন ও বিতর্কিত প্রজ্ঞাপন জারি করেছে, যা বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক চর্চার জন্য অশনিসংকেত।

নির্বাচন ভবনের সামনে ছাত্রদলের এই অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে ওই এলাকায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।



Leave a Comment