৪৭ আসন নিয়ে আগামীকালের মধ্যেই সিদ্ধান্ত: এহসানুল মাহবুব জুবায়ের

January 18, 2026 | Feature-2 |

জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১০ দলীয় জোট ইসলামি আন্দোলনের জন্য রাখা ৪৭ আসন নিয়ে আগামীকালের মধ্যেই সিদ্ধান্ত নেবে। ১০ দলের সমন্বিত নির্বাচনী ইশতেহারের কথাও ভাবা হচ্ছে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর মুখপাত্র এহসানুল মাহবুব জুবায়ের।

রোববার (১৮ জানুয়ারি) দুপুরে মগবাজারে জামায়াতে ইসলামীর কার্যালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ২২ তারিখ ঢাকা থেকে ১০ দলের নির্বাচনী প্রচার প্রচারণা আনুষ্ঠানিকভাবে শুরু হবে। এই প্রচারণা ১০ ফেব্রুয়ারি গিয়ে শেষ হবে বলেও জানান তিনি।

জামায়াত মুখপাত্র বলেন, নির্বাচন কমিশনের সামনে একটি রাজনৈতিক দলের ছাত্র সংগঠন অবস্থান নিয়েছে। এতে যেন কোনোভাবে নির্বাচন প্রক্রিয়া বাধাগ্রস্ত না হয় সেদিকে লক্ষ্য রাখতে প্রশাসনের প্রতি আহ্বান জানান।

তিনি আরও বলেন, ১০ দল প্রত্যাশা করে গণভোট ও জাতীয় নির্বাচনে নিরপেক্ষ থাকবে নির্বাচন কমিশন। জাতীয় নির্বাচনে সব ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা ও আইনশৃঙ্খলা বাহিনীর বডি ক্যামেরা নিশ্চিত করারও দাবি জানান জামায়াত মুখপাত্র।



Leave a Comment