আমরা নোংরা রাজনীতি আর দেখতে চাই না: ডা. শফিকুর রহমান
জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, আমরা নোংরা রাজনীতি আর দেখতে চাই না। আমরা চাই বাংলাদেশ একটি মানবিক মর্যাদায় প্রতিষ্ঠিত হোক। আমরা চাই বাংলাদেশ বিশ্বের দরবারে উন্নত শির নিয়ে স্বাধীন ও সম্মানজনক রাষ্ট্র হিসেবে দাঁড়াক।
কিশোরগঞ্জের কটিয়াদী সরকারি কলেজ মাঠে আয়োজিত ১১ দলীয় জোটের নির্বাচনী জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেছেন, আইডি হ্যাকের বিষয়ে সবকিছু স্পষ্ট হওয়ার পরও এটাকে নিয়ে ব্যবসা করছে একটি রাজনৈতিক দল। কিন্তু মানুষ জানে মায়েদের আমি কীভাবে সম্মান করি। পরিষ্কারভাবে বলেছি, দেশের জন্য কে কী করব সরাসরি ডায়লগ করি। কে কাকে ভোট দেবেন, সেটি জনগণের হাতে ছেড়ে দেই। ‘আমার ভোট আমি দেব, অন্যের ভোটও আমি দেব’-সেটি আর চলবে না। দেশের যুবসমাজ কার পক্ষে, তা পাঁচটি ছাত্র সংসদ নির্বাচনে জানিয়ে দিয়েছে।
তিনি বলেন, আমাদের যুবসমাজের এটাই ছিল আকাঙ্ক্ষা। তারা জুলাইয়ে সব ধরনের ফ্যাসিবাদের বিরুদ্ধে দাঁড়িয়েছিল। বুকের রক্ত দিয়ে তারা আমাদের এই মুক্তি ও স্বাধীনতা এনে দিয়েছে। তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই।
তিনি বলেন, পঁচা রাজনীতি নয়, ২৪-এর যুব সমাজ পরিবর্তন চায়। জাতিকে বিভক্ত করার সুযোগ আর কাউকে দেওয়া হবে না। নারী ইস্যুকে কাজে লাগিয়ে কিছু গ্রুপ জামায়াতের পেছনে লেগেছে। চোরাই পথে আর কোনো নির্বাচন হতে দেওয়া হবে না। জনতার রায়কে অভিনন্দন জানাতে প্রস্তুত জামায়াত।