চাঁদপুরের উদ্দেশে সড়কপথে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: সড়কপথে চাঁদপুরের উদ্দেশে রওনা হয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শনিবার (১৬ মে) সকাল সাড়ে ৮টায় ঢাকার নিজ বাসভবন থেকে তিনি যাত্রা শুরু করেন। দিনব্যাপী এই সফরে তিনি দুটি খালের পুনঃখনন কাজ উদ্বোধন, ফ্যামিলি কার্ড বিতরণ, পথসভা এবং জেলা বিএনপির সাংগঠনিক সভায় অংশ নেবেন।
কুমিল্লায় পথসভা:
সফরসূচি অনুযায়ী, চাঁদপুরে পৌঁছানোর আগে প্রধানমন্ত্রী বেলা সাড়ে ১১টায় কুমিল্লার বরুড়ার লক্ষ্মীপুর বাজার মাঠে আয়োজিত একটি পথসভায় অংশ নেবেন এবং সেখানে স্থানীয় জনতার উদ্দেশে বক্তব্য রাখবেন।
খালের পুনঃখনন কাজের উদ্বোধন:
এরপর দুপুর সাড়ে ১২টায় তিনি চাঁদপুরের শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের ওয়ারুক বাজার এলাকায় ‘খোর্দ্দ খাল’ পুনঃখনন কাজের শুভ উদ্বোধন করবেন।
শাহরাস্তি পর্ব শেষ করে দুপুর ১টা ৪৫ মিনিটে প্রধানমন্ত্রী চাঁদপুর সদর উপজেলার শাহ মাহমুদপুর ইউনিয়নের কুমারডুগী গ্রামের ঘোষের হাট সংলগ্ন ‘বিশ্ব খাল’ পুনঃখনন অনুষ্ঠানে যোগ দেবেন এবং এর উদ্বোধন ঘোষণা করবেন।
ফ্যামিলি কার্ড বিতরণ ও সাংগঠনিক সভা:
দুপুর আড়াইটায় চাঁদপুর সার্কিট হাউসে সংক্ষিপ্ত বিরতি নেবেন প্রধানমন্ত্রী। এরপর বিকেল সাড়ে ৩টায় চাঁদপুর সরকারি কলেজ মাঠে আয়োজিত ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন তিনি।
সরকারি কর্মসূচি শেষে বিকেল ৫টায় প্রধানমন্ত্রী চাঁদপুর ক্লাবে আয়োজিত জেলা বিএনপির সাংগঠনিক সভায় যোগ দেবেন। সেখানে তিনি স্থানীয় দলীয় নেতাকর্মী ও দায়িত্বশীলদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখবেন।
সন্ধ্যা সাড়ে ৬টায় সড়কপথে পুনরায় ঢাকার উদ্দেশে রওনা হওয়ার মধ্য দিয়ে প্রধানমন্ত্রী তার এই গুরুত্বপূর্ণ সফর শেষ করবেন। প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে চাঁদপুর ও কুমিল্লার বরুড়া এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।