শ্রমিকদের পাওনা ও নিরাপত্তা দিতে সরকারের কার্যকর উদ্যোগ নেই: এটিএম মা’ছুম

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম বলেছেন, বর্তমান পুঁজিবাদী ও বৈষম্যমূলক ব্যবস্থায় শ্রমিকরা ন্যায্য মজুরি, নিরাপত্তা ও মর্যাদা থেকে বঞ্চিত হচ্ছে। অথচ শ্রমিকদের ন্যায্য বেতন, বোনাস ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের কোনো কার্যকর উদ্যোগ নেই।

শনিবার (১৬ মে) চট্টগ্রামের জামালখানস্থ নগর শ্রমিক কল্যাণ কার্যালয়ে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের চট্টগ্রাম ও কুমিল্লা অঞ্চল আয়োজিত জেলা সভাপতি ও সাধারণ সম্পাদক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শ্রমিক পরিবারে চরম সংকট:
মাওলানা এটিএম মা’ছুম বলেন, “দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি, জ্বালানি সংকট ও মূল্যস্ফীতির কারণে সাধারণ শ্রমিক পরিবার আজ চরম সংকটে দিন কাটাচ্ছে।” তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, প্রতিবছর ঈদ বা উৎসবকে কেন্দ্র করে বকেয়া পাওনা নিয়ে শ্রমিক অসন্তোষ সৃষ্টি হয়, যা শিল্পাঞ্চলে অস্থিরতা তৈরি করছে। শ্রমিকদের অধিকার ও নিরাপত্তাকে উপেক্ষা করে দেশের টেকসই অর্থনৈতিক উন্নয়ন সম্ভব নয়। তিনি জোর দিয়ে বলেন, ইসলামী কল্যাণ রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা ছাড়া শ্রমজীবী মানুষের প্রকৃত অধিকার নিশ্চিত করা কোনোভাবেই সম্ভব নয়।

নেতৃবৃন্দের বক্তব্য:
বিশেষ অতিথির বক্তব্যে জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান বলেন, শ্রমিক আন্দোলন কেবল অর্থনৈতিক অধিকারের বিষয় নয়, এটি একটি নৈতিক ও মানবিক আন্দোলন। অধিকার আদায়ে শ্রমিকদের মধ্যে ঐক্য ও শৃঙ্খলার চর্চা জোরদার করতে হবে।

চট্টগ্রাম মহানগরী আমীর মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনে শ্রমিকদের অবদান অনস্বীকার্য। তৃণমূলের শ্রমজীবী মানুষের সুখ-দুঃখের অংশীদার হয়ে তাদের মাঝে ইসলামী মূল্যবোধ ও ন্যায়বিচারের চেতনা পৌঁছে দেওয়ার আহ্বান জানান তিনি।

সাংগঠনিক তাগিদ:
ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি ও অঞ্চল পরিচালক মজিবুর রহমান ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এই সম্মেলনে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহ-সভাপতি মুহাম্মদ ইসহাক এবং সহ-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগর সভাপতি এস এম লুৎফর রহমান। বক্তারা শোষণমুক্ত সমাজ গঠনে শ্রমিক সংগঠনগুলোকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী ও বেগবান করার ওপর গুরুত্বারোপ করেন। সম্মেলনে চট্টগ্রাম ও কুমিল্লা অঞ্চলের জেলা পর্যায়ের বিপুল সংখ্যক সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন।



Leave a Comment