নিয়ন্ত্রণ হারিয়ে কুর্মিটোলা হাসপাতালে যাত্রীবাহী বাস; দেয়াল ভেঙে পথচারীর মৃত্যু

July 26, 2026 | Feature-2 |

নিউজ ডেস্ক: রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের প্রাঙ্গণে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস ঢুকে পড়ে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই এক পথচারী নিহত হয়েছেন এবং বাসের ভেতরে থাকা শিশুসহ বেশ কয়েকজন আহত হয়েছেন।

আজ রোববার (২৬ জুলাই) সন্ধ্যা সাতটার পর কুর্মিটোলা জেনারেল হাসপাতাল গেটে এ দুর্ঘটনা ঘটে।

হাসপাতালের গেটে তাণ্ডব, নিহত ১
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, নিহত ব্যক্তির নাম রফিকুল ইসলাম। তিনি স্থানীয় একটি হোটেলের কর্মচারী ছিলেন।

বাসের যাত্রীরা জানান, বাসটি কুর্মিটোলা পৌঁছানোর পর চালক বাসটি থামিয়ে যাত্রী নামানোর চেষ্টা করেন। কিন্তু হঠাৎ গাড়ির ব্রেক ফেল করলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং বাসটি সরাসরি হাসপাতালের প্রধান ফটকের রাস্তায় ঢুকে পড়ে।

এ সময় হাসপাতালের গেটের কাছে দাঁড়িয়ে থাকা দুই পথচারীর মধ্যে একজন দ্রুত সরে যেতে সক্ষম হলেও রফিকুল ইসলাম বাসের নিচে চাপা পড়েন এবং ঘটনাস্থলেই প্রাণ হারান। বাসের তীব্র ধাক্কায় হাসপাতাল গেট সংলগ্ন গ্যাসের কন্ট্রোল রুমের দেয়াল দুমড়েমুচড়ে ভেঙে যায়।

ড্রাইভার আটক
দুর্ঘটনায় বাসের ভেতরে থাকা শিশুসহ অন্তত দুইজন গুরুতর আহত হয়েছেন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করেন।

ঘটনার পরপরই ক্যান্টনমেন্ট থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত যানটি সরিয়ে নেয় এবং ঘাতক বাসটির চালককে আটক করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।



Leave a Comment