বিএনপির ৮ দিনের কর্মসূচি ঘোষণা

May 18, 2026 | Feature-2 |

নিজস্ব প্রতিবেদক: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদৎবার্ষিকী (৩০ মে) যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে ৮ দিনব্যাপী দেশব্যাপী বিস্তারিত কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। আগামী ২৫ মে থেকে শুরু হয়ে এই কর্মসূচি চলবে আগামী ১ জুন পর্যন্ত।

আজ সোমবার (১৮ মে) দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

নয়াপল্টনে যৌথসভা:
কর্মসূচি ঘোষণার আগে নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে একটি বিশেষ যৌথসভা অনুষ্ঠিত হয়। রুহুল কবির রিজভীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় দলের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিববৃন্দ, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিব এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় সভাপতি, সাধারণ সম্পাদকসহ শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভা শেষে সংবাদ সম্মেলনে বিস্তারিত কর্মসূচি তুলে ধরা হয়।

কেন্দ্রীয় প্রধান প্রধান কর্মসূচি:

৩০ মে (ভোর ৬টা): নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়সহ দেশের সকল দলীয় কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন।

৩০ মে (সকাল ১১টা): প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দলের জাতীয় নেতৃবৃন্দসহ সর্বস্তরের নেতাকর্মীরা শেরেবাংলা নগরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে পুষ্পার্ঘ্য অর্পণ ও মাজার জিয়ারত করবেন। জিয়ারত শেষে জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যোগে মাজার প্রাঙ্গণে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

৩০ মে (দিনব্যাপী): দিবসটি উপলক্ষে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের প্রতিটি থানায় দুস্থদের মাঝে কাপড়, চাল, ডালসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হবে।

৩১ মে (বেলা ২টা): বিএনপির উদ্যোগে রাজধানীর রমনাস্থ ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি) মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

অন্যান্য কর্মসূচি: দিবসটি উপলক্ষে বিশেষ স্মারক পোস্টার প্রকাশ, নেতাকর্মীদের কালো ব্যাজ ধারণ এবং জাতীয় দৈনিক ও অনলাইন নিউজ পোর্টালে বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করা হবে। পাশাপাশি অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো নিজস্ব উদ্যোগে আলোচনা সভা ও সেমিনার করবে।

সারাদেশে একযোগে পালন:
কেন্দ্রীয় কর্মসূচির অনুরূপভাবে বিএনপির উদ্যোগে সারাদেশে জেলা, মহানগর, উপজেলা ও পৌরসভাসহ সকল ইউনিটের কার্যালয়ে ৩০ মে ভোর ৬টায় দলীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন করা হবে। একই সাথে স্থানীয় নেতাকর্মীদের সুবিধা অনুযায়ী আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল এবং দুস্থ মানুষের মাঝে খাদ্য ও বস্ত্র বিতরণের নির্দেশ দেওয়া হয়েছে।



Leave a Comment