র‌্যাবকে এলিট ফোর্স হিসেবে পরিচালনায় নতুন আইন হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

মে ১৮, ২০২৬ | Feature-1 |

নিজস্ব প্রতিবেদক: র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নকে (র‌্যাব) সম্পূর্ণ মানবাধিকার সমুন্নত রেখে একটি এলিট ফোর্স হিসেবে পরিচালনার জন্য নতুন আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বাহিনীর জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে উল্লেখ করেন তিনি।

আজ সোমবার (১৮ মে) দুপুরে রাজধানীর কুর্মিটোলায় র‌্যাব সদর দপ্তরে বাহিনীর ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলন ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা শেষে তিনি এসব কথা জানান।

সংস্কার অথবা নতুন নাম:
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আগামী দিনে সম্পূর্ণভাবে মানবাধিকার সমুন্নত রেখে একটি নতুন আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছি। সেই আইনের অধীনে একটি এলিট ফোর্স থাকবে, যারা নতুন প্রত্যাশা অনুযায়ী জননিরাপত্তা নিশ্চিত করবে। নতুন বাহিনীটি র‍্যাবের বর্তমান কাঠামোর সংস্কার হতে পারে, আবার নতুন নামেও গঠিত হতে পারে। এ বিষয়ে সরকার এখনো চিন্তাভাবনা করছে।’ তবে নাম যেটাই হোক না কেন, যেকোনো ক্ষেত্রেই বাহিনীর জবাবদিহিতা, স্বচ্ছতা ও দায়িত্বশীলতা আইনের মাধ্যমে কঠোরভাবে নিশ্চিত করা হবে বলে তিনি প্রতিশ্রুতি দেন।

অতীতের রাজনৈতিক ব্যবহার ও ভাবমূর্তি সংকট:
র‍্যাবের অতীত কর্মকাণ্ডের সমালোচনা করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘কয়েকজন কর্মকর্তার বিতর্কিত কর্মকাণ্ডের কারণে প্রতিষ্ঠান হিসেবে র‍্যাব ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কোনো ব্যক্তির দায় পুরো প্রতিষ্ঠানের ওপর চাপানো উচিত নয়।’ তিনি আরও যোগ করেন, অতীতের রাজনৈতিক শাসনামলে বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করায় সেগুলোর ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ন হয়েছে। বর্তমান সরকার সেই ধারা থেকে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে মুক্ত করতে বদ্ধপরিকর।

আইনের মাধ্যমে স্বচ্ছতা ও জবাবদিহিতা:
মন্ত্রী স্পষ্ট জানান, নতুন আইনে এলিট ফোর্সের যেমন নির্দিষ্ট অথরিটি বা ক্ষমতা থাকবে, ঠিক তেমনি তাদের রেসপন্সিবিলিটি বা দায়িত্বও থাকবে। একই সঙ্গে সেই বাহিনীর ট্রান্সপারেন্সি ও অ্যাকাউন্টিবিলিটি নিশ্চিত করা হবে আইনের মাধ্যমেই, যাতে ক্ষমতার কোনো অপব্যবহার না ঘটে।

স্বরাষ্ট্রমন্ত্রী আশা প্রকাশ করে বলেন, আগামী দিনে সব ধরনের বিতর্কের ঊর্ধ্বে উঠে এবং মানবাধিকারের প্রতি সর্বোচ্চ সম্মান প্রদর্শন করে র‍্যাব বা নতুন এলিট ফোর্স তার সকল জননিরাপত্তামূলক কার্যক্রম পরিচালনা করবে।



Leave a Comment