ময়মনসিংহের পথে প্রধানমন্ত্রী
বিশেষ প্রতিনিধি: দীর্ঘ প্রায় দুই দশক পর জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতিবিজড়িত ময়মনসিংহের ত্রিশালে জাতীয় পর্যায়ে উদ্যাপিত হতে যাচ্ছে কবির ১২৭তম জন্মবার্ষিকী। তিন দিনব্যাপী এই বর্ণাঢ্য উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করতে সড়কপথে ময়মনসিংহের উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ শনিবার (২৩ মে) বেলা ১১টার দিকে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সফরসঙ্গীদের নিয়ে তিনি রওনা দেন বলে নিশ্চিত করেছে প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং।
ত্রিশালে সাজসজ্জা ও উৎসবের আমেজ:
আগামী সোমবার (২৫ মে) জাতীয় কবির মূল জন্মবার্ষিকী হলেও আসন্ন ঈদুল আজহার ছুটিকে সামনে রেখে এবার অনুষ্ঠানসূচিতে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। এর অংশ হিসেবে আজ শনিবার থেকেই ত্রিশালে শুরু হচ্ছে তিন দিনব্যাপী উৎসব। প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধান অতিথি হিসেবে সরকারি নজরুল একাডেমি মাঠের ঐতিহ্যবাহী ‘নজরুল মঞ্চে’ এই জয়ন্তী উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন এবং বক্তব্য রাখবেন।
প্রধানমন্ত্রীকে বরণ করতে উৎসবের নগরীতে পরিণত হয়েছে ত্রিশাল। আলোকসজ্জা, নান্দনিক সাজসজ্জা ও কঠোর নিরাপত্তা ব্যবস্থায় নতুন রূপ পেয়েছে অনুষ্ঠানস্থল। সাংস্কৃতিক অঙ্গনে বইছে উৎসবের আমেজ। স্থানীয় শিল্পী ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কবিতা আবৃত্তি, নজরুলসংগীত ও নাটকের চূড়ান্ত প্রস্তুতি শেষ করেছেন।
ধরার খাল পুনঃখনন কাজের উদ্বোধন:
জাতীয় কবির জন্মজয়ন্তী উদ্বোধনের আগে বৈলর ইউনিয়নের কানহর এলাকায় ঐতিহ্যবাহী ‘ধরার খালের’ পুনঃখনন কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। উল্লেখ্য, ১৯৭৯ সালে এই ঐতিহাসিক খালটিরই প্রথম খনন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেছিলেন তৎকালীন রাষ্ট্রপতি ও আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ জিয়াউর রহমান। ফলে এই পুনঃখনন প্রকল্পটিকে ঘিরে স্থানীয়দের মাঝে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে।
বিকেলে দলীয় সাংগঠনিক সভা:
ত্রিশালের রাষ্ট্রীয় কর্মসূচি শেষ করে বিকেল ৫টায় ত্রিশাল নজরুল অডিটোরিয়ামে ময়মনসিংহ উত্তর, দক্ষিণ ও মহানগর বিএনপির এক বিশেষ সাংগঠনিক সভায় অংশ নেবেন দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে তিনি স্থানীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেবেন। কর্মসূচি শেষে আজ সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাঁর ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে।