সলিমপুরে র‌্যাবের ওপর হামলার সমুচিত জবাব দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

মে ২৬, ২০২৬ | Feature-2 |

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের সীতাকুণ্ডের দুর্গম জঙ্গল সলিমপুরে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) ক্যাম্পে সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়ে এর সমুচিত জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, “বিগত ১৭ বছর ধরে দেশে সুশাসনের অভাব এবং আইনের শাসন না থাকায় এই জঙ্গল সলিমপুর রাষ্ট্রের ভেতরে আরেকটি ‘অপরাষ্ট্র’ বা ‘মিনি রাষ্ট্রে’ পরিণত হয়েছিল। সেখানে আর কোনো সন্ত্রাসীকে মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া হবে না।” আজ মঙ্গলবার (২৬ ২৬ মে) দুপুরে পুলিশ সদর দপ্তরে আয়োজিত এক বিশেষ সংবাদ ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

সমন্বিত সরকারি মহাপরিকল্পনা:
জঙ্গল সলিমপুরের অপরাধ সাম্রাজ্য ভেঙে সেখানে সরকারের বড় ধরনের উন্নয়ন পরিকল্পনা রয়েছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাম্প্রতিক যৌথ অভিযানে সেখান থেকে বিপুল পরিমাণ অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার এবং বেশ কয়েকজন দাগি অপরাধীকে গ্রেপ্তার করা হয়েছে। এই এলাকাটিতে পুলিশ ও র‌্যাবের একাডেমি, বিশ্বমানের স্পোর্টস কমপ্লেক্স, বিজিবি ও এপিবিএনসহ সরকারের বিভিন্ন বাহিনীর জন্য একটি আধুনিক ও সমন্বিত প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলার চূড়ান্ত পরিকল্পনা রয়েছে। একই সাথে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারটিও সেখানে স্থানান্তরের কথা চলছে। ফলে ওই অঞ্চলকে সম্পূর্ণ অপরাধমুক্ত করে কঠোর নিয়ন্ত্রণে রাখা হবে।”

সীমান্ত পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, “সীমান্তে বর্তমানে যা ঘটছে তা একটি স্বাভাবিক ঘটনা। তবে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।”

গভীর রাতে র‌্যাবের ক্যাম্পে ওত পেতে হামলা:
মামলা ও স্থানীয় সূত্র জানিয়েছে, গত রোববার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরের আলীনগর এলাকায় অত্যন্ত সুপরিকল্পিতভাবে এই বর্বরোচিত হামলা চালানো হয়। গভীর রাতের অন্ধকারে অতর্কিতে এসে র‌্যাবের অস্থায়ী ক্যাম্প (চৌকি) লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকে একদল সশস্ত্র সন্ত্রাসী। একপর্যায়ে তারা ভারী বুলডোজার এনে ক্যাম্পের সীমানা প্রাচীরসহ বিভিন্ন অবকাঠামো গুঁড়িয়ে দেয়।

শুধু তাই নয়, চট্টগ্রাম শহর থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য যাতে ঘটনাস্থলে তাৎক্ষণিক অভিযান চালাতে না পারেন, সেই লক্ষ্যে সলিমপুরে প্রবেশের প্রধান সড়কের অন্তত তিনটি গুরুত্বপূর্ণ স্থান গভীর গর্ত করে কেটে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়।

অভিযান ও ইয়াসিন বাহিনী আটক:
র‌্যাব সদর দপ্তর জানিয়েছে, রাস্তা কেটে দেওয়া এবং গোলাগুলির মতো চরম প্রতিবন্ধকতার মধ্যেও অসীম সাহসিকতার সাথে রাতে ঘটনাস্থলে পৌঁছে সাঁড়াশি অভিযান শুরু করেন বাহিনীর সদস্যরা। রাতভর চলা এই বিশেষ অভিযানে মূল হামলাকারী ও কুখ্যাত ‘ইয়াসিন বাহিনী’র বেশ কয়েকজন সক্রিয় সন্ত্রাসীকে অস্ত্রসহ হাতেনাতে আটক করা হয়েছে। বর্তমানে পুরো জঙ্গল সলিমপুর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং যৌথ বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন রাখা হয়েছে।



Leave a Comment