শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার, স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ। ১৯৮১ সালের এই দিনে (৩০ মে) চট্টগ্রাম সার্কিট হাউসে দেশি-বিদেশি গভীর চক্রান্তে সেনাবাহিনীর কিছু বিপথগামী সদস্যের হাতে নির্মমভাবে শাহাদাতবরণ করেন তৎকালীন এই দূরদর্শী রাষ্ট্রনায়ক। আজ শনিবার (৩০ মে) গভীর শ্রদ্ধা ও দেশব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হচ্ছে।
আট দিনব্যাপী বিশেষ কর্মসূচি:
শহীদ রাষ্ট্রপতির শাহাদাতবার্ষিকী উপলক্ষে বিএনপি গত ২৫ মে থেকে আগামী ১ জুন পর্যন্ত দেশজুড়ে আট দিনব্যাপী বিশেষ কর্মসূচি ঘোষণা করেছে। কর্মসূচির অংশ হিসেবে আজ ভোর ৬টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়সহ দেশের সব স্তরের দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন এবং দলীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। সর্বস্তরের নেতা-কর্মীরা আজ কালো ব্যাজ ধারণ করেছেন।
আজ সকাল ১১টায় প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্যসহ সর্বস্তরের নেতা-কর্মীরা শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতির মাজারে পুষ্পস্তবক অর্পণ ও জিয়ারত করবেন। জিয়ারত শেষে মাজার প্রাঙ্গণে জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যোগে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
দুঃস্থদের মাঝে খাদ্য বিতরণ ও আলোচনা সভা:
দিবসটি উপলক্ষে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের প্রতিটি থানাসহ দেশের প্রতিটি জেলা ও মহানগর ইউনিটে অসচ্ছল ও দুঃস্থ মানুষের মাঝে শাড়ি-লুঙ্গি, চাল, ডালসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হচ্ছে। এছাড়া আগামীকাল রবিবার (৩১ মে) বেলা ২টায় রাজধানীর রমনাস্থ ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি) মিলনায়তনে বিএনপির উদ্যোগে এক কেন্দ্রীয় আলোচনা সভা অনুষ্ঠিত হবে। দিবসটি উপলক্ষে মূলধারার সংবাদপত্র ও অনলাইন পোর্টালগুলো বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করেছে।
কালজয়ী রাষ্ট্রনায়ক ও সার্ক-এর স্বপ্নদ্রষ্টা:
জিয়াউর রহমান বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের অন্যতম বীরত্বপূর্ণ সেক্টর কমান্ডার ও ‘জেড ফোর্সের’ অধিনায়ক ছিলেন। স্বাধীনতার পর তিনি দেশে বহুদলীয় গণতন্ত্রের পুনপ্রবর্তন করেন, যার কারণে তাঁকে বহুদলীয় গণতন্ত্রের জনক হিসেবেও অভিহিত করা হয়। এছাড়া দক্ষিণ এশিয়ার সাতটি দেশ নিয়ে আঞ্চলিক সহযোগিতার সংগঠন ‘সার্ক’ (SAARC) প্রতিষ্ঠার মূল স্বপ্নদ্রষ্টা ছিলেন তিনি। বাংলাদেশী জাতীয়তাবাদভিত্তিক এক কালজয়ী রাজনৈতিক দর্শন প্রতিষ্ঠা করে গেছেন এই জননন্দিত নেতা।
পঞ্চমবারের মতো রাষ্ট্র পরিচালনায় বিএনপি:
শহীদ জিয়ার প্রতিষ্ঠিত দল বিএনপি দেশের সাধারণ মানুষের বিপুল আস্থা ও সমর্থন নিয়ে এ পর্যন্ত পাঁচবার রাষ্ট্র পরিচালনার ঐতিহাসিক দায়িত্ব পেয়েছে। সর্বশেষ গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে দলটি দেশে নতুন সরকার গঠন করে। শহীদ জিয়ার জ্যেষ্ঠ পুত্র তারেক রহমান বর্তমানে বিএনপির চেয়ারম্যান এবং নতুন নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী হিসেবে অত্যন্ত সফলতার সাথে দায়িত্ব পালন করছেন।