পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

জুন ২, ২০২৬ | Feature-2 |

নিজস্ব প্রতিবেদক: জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি (প্রেসিডেন্ট) নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ মঙ্গলবার (২ জুন) রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক আবেগঘন পোস্টে তিনি এই অভিনন্দন জানান।

প্রধানমন্ত্রী তাঁর অভিনন্দন বার্তায় লেখেন, “এই অনন্য অর্জন বৈশ্বিক মঞ্চে বাংলাদেশের ক্রমবর্ধমান অবদান এবং আমাদের আন্তর্জাতিক বিশ্বাসযোগ্যতারই উজ্জ্বল প্রতিফলন ঘটায়। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, তিনি অত্যন্ত গর্বের সাথে বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন এবং বহুপাক্ষিক ও বৈশ্বিক ভাগাভাগির চ্যালেঞ্জ মোকাবেলায় শক্তিশালী সংযোগ, কার্যকর সংলাপ এবং পারস্পরিক সহযোগিতা গড়ে তুলবেন।”

নতুন এই বিশ্বজনীন ও মর্যাদাপূর্ণ দায়িত্ব পালনে পররাষ্ট্রমন্ত্রীর সর্বাত্মক সাফল্য ও কল্যাণ কামনা করেন প্রধানমন্ত্রী।

সাইপ্রাসকে হারিয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয়:

উল্লেখ্য, আজ মঙ্গলবার (২ জুন) নিউইয়র্কে জাতিসংঘের সদর দফতরে অনুষ্ঠিত এক তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোটে সাইপ্রাসের শক্তিশালী প্রার্থী আন্দ্রেয়াস এস কাকোরিসকে পরাজিত করে সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

জাতিসংঘের ১৯৩টি সদস্য রাষ্ট্রের মধ্যে মোট ১৯০টি রাষ্ট্র এই গুরুত্বপূর্ণ নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করে। এর মধ্যে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান পান ৯৯টি ভোট এবং সাইপ্রাসের প্রার্থী আন্দ্রেয়াস এস কাকোরিস পান ৯১টি ভোট। এই জয়ের মাধ্যমে দীর্ঘ ৪০ বছর পর দ্বিতীয়বারের মতো জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনের সর্বোচ্চ পদের নেতৃত্ব পাওয়ার গৌরব অর্জন করল বাংলাদেশ।



Leave a Comment