ডিআইজি থেকে অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি পেলেন ৫ কর্মকর্তা

জুন ৪, ২০২৬ | Feature-2 |

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) পদমর্যাদার পাঁচজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) পদে পদোন্নতি দিয়েছে সরকার।

আজ বৃহস্পতিবার (৪ জুন) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপসচিব তৌসিফ আহমেদ স্বাক্ষরিত এক সরকারি প্রজ্ঞাপনে এই পদোন্নতির আদেশ জারি করা হয়।

পদোন্নতিপ্রাপ্ত পাঁচ শীর্ষ কর্মকর্তা হলেন:

১. মো. মুশফেকুর রহমান – বর্তমানে সিলেট রেঞ্জের ডিআইজি হিসেবে দায়িত্ব পালন করছেন।

২. ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন – বর্তমানে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)-এর পরিচালক (ডিআইজি) হিসেবে কর্মরত।

৩. মো. মনিরুজ্জামান – বর্তমানে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি হিসেবে দায়িত্ব সামলাচ্ছেন।

৪. ফারুক আহমেদ – বর্তমানে এলিট ফোর্স র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর অতিরিক্ত মহাপরিচালক (অ্যাডমিন) হিসেবে দায়িত্ব পালন করছেন।

৫. রেজাউল করিম মল্লিক – বর্তমানে ঢাকা রেঞ্জের ডিআইজি হিসেবে অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করছেন।

মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে জানানো হয়েছে, জনস্বার্থে জারিকৃত এই পদোন্নতির আদেশ অবিলম্বে কার্যকর হবে। পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের পরবর্তীতে নতুন কর্মস্থলে পদায়ন করা হবে এবং নিয়ম অনুযায়ী তারা নতুন পদের বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা প্রাপ্য হবেন। এই শীর্ষ কর্মকর্তাদের পদোন্নতির মাধ্যমে বাংলাদেশ পুলিশের প্রশাসনিক ও মাঠপর্যায়ের কার্যক্রম আরও গতিশীল হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।



Leave a Comment