প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএনডিপি প্রতিনিধির সাক্ষাৎ

জুন ৪, ২০২৬ | জাতীয় |

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আজ সকালে তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)-র বাংলাদেশ অফিসের আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার।

আজ বৃহস্পতিবার (৪ জুন) সকালে বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই উচ্চপর্যায়ের দ্বিপাক্ষিক সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠককালে বাংলাদেশ ও ইউএনডিপি’র মধ্যকার চলমান অংশীদারিত্ব, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDG), শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থান সৃষ্টিসহ দেশের সার্বিক আর্থ-সামাজিক অগ্রগতির বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে ফলপ্রসূ মতবিনিময় হয়।

প্রধানমন্ত্রীকে লিলারের অভিনন্দন, গণতন্ত্রের প্রশংসা:

সাক্ষাৎকালে সাধারণ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের মাধ্যমে নতুন সরকার গঠন করায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে আনুষ্ঠানিকভাবে অভিনন্দন জানান স্টেফান লিলার। বর্তমান রাজনৈতিক স্থিতিশীলতার প্রশংসা করে তিনি বলেন, “ইউএনডিপি’র দৃষ্টিতে বাংলাদেশের বর্তমান জাতীয় সংসদ বেশ প্রাণবন্ত রূপ পেয়েছে এবং এর ফলে দেশের সামগ্রিক গণতান্ত্রিক ধারা আরও শক্তিশালী হয়েছে।”

ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের অগ্রগতি অবহিতকরণ:

বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে নেওয়া বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগের কথা জাতিসংঘের প্রতিনিধিদের সামনে তুলে ধরেন। বিশেষ করে প্রান্তিক মানুষের অধিকার ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সরকার ঘোষিত ‘ফ্যামিলি কার্ড’ এবং ‘কৃষক কার্ড’ বিতরণ কর্মসূচির অগ্রগতি সম্পর্কে তিনি ইউএনডিপি-কে অবহিত করেন। এসব সময়োপযোগী উদ্যোগের মাধ্যমে দেশের সাধারণ মানুষের জীবনমান ও অর্থনৈতিক সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাচ্ছে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

বাংলাদেশের সার্বিক উন্নয়ন, মানবসম্পদ গঠন ও টেকসই অগ্রযাত্রাকে আরও গতিশীল ও অন্তর্ভুক্তিমূলক করতে ইউএনডিপিসহ অন্যান্য আন্তর্জাতিক উন্নয়ন সহযোগীদের অব্যাহত সমর্থন ও যৌথ সহযোগিতা কামনা করেন প্রধানমন্ত্রী। উভয় পক্ষই আগামী দিনে একযোগে কাজ করার বিষয়ে একমত পোষণ করেন।

বৈঠকে উপস্থিত ছিলেন যাঁরা:

উচ্চপর্যায়ের এই গুরুত্বপূর্ণ সাক্ষাৎকালে প্রধানমন্ত্রীর শিক্ষা, প্রবাসী কল্যাণ ও শ্রমবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন উপস্থিত ছিলেন। এছাড়া ইউএনডিপি’র প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন সংস্থাটির স্ট্র্যাটেজিক কমিউনিকেশনস অ্যান্ড এক্সটার্নাল রিলেশনস স্পেশালিস্ট কীর্তিজাই পাহাড়ি এবং হেড অব গভর্ন্যান্স আনোয়ারুল হক।



Leave a Comment