জাতিসংঘের সর্বোচ্চ সম্মাননা পেলেন বাংলাদেশের ৬ শান্তিরক্ষী
নিজস্ব প্রতিবেদক: সুদানে জাতিসংঘের পতাকাতলে বিশ্বশান্তি রক্ষার মহান দায়িত্ব পালনকালে প্রাণ হারানো বাংলাদেশের ছয় বীর শান্তিরক্ষীকে মরণোত্তর জাতিসংঘের সর্বোচ্চ ও মর্যাদাপূর্ণ ‘ড্যাগ হ্যামারশোল্ড মেডেল’ (Dag Hammarskjöld Medal) প্রদান করা হয়েছে। নিউইয়র্কে অবস্থিত জাতিসংঘ সদর দপ্তরে অত্যন্ত ভাবগম্ভীর পরিবেশে আয়োজিত এক বিশেষ স্মারক অনুষ্ঠানে এই সম্মাননা দেওয়া হয়।
আজ শনিবার (৬ জুন) ঢাকায় প্রাপ্ত এক কূটনৈতিক বার্তার বরাতে জাতীয় সংবাদ সংস্থা বাসস জানায়, গতকাল শুক্রবার আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত সালাউদ্দিন নোমান চৌধুরীর হাতে এই পদকগুলো তুলে দেন।
সর্বোচ্চ আত্মত্যাগকারী ৬ বাংলাদেশি বীর:
শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে নিহত পদকপ্রাপ্ত বাংলাদেশের এই ৬ জন বীর শান্তিরক্ষী হলেন— কর্পোরাল মো. মাসুদ রানা, প্রাইভেট মো. জাহাঙ্গীর আলম, প্রাইভেট মো. সবুজ মিয়া, প্রাইভেট মো. মোমিনুল ইসলাম, প্রাইভেট শামীম রেজা এবং প্রাইভেট সান্তো মন্ডল।
বাসসের প্রতিবেদনে উল্লেখ করা হয়, ২০২৫ সালের ১৩ ডিসেম্বর সুদানের কাদুগলির আবেই অঞ্চলে জাতিসংঘের অন্তর্বর্তী নিরাপত্তা বাহিনীতে (ইউএনআইএসএফএ) কর্মরত থাকা অবস্থায় এক আকস্মিক ও নৃশংস ড্রোন হামলায় তারা সবাই একসঙ্গে শাহাদাতবরণ করেন।
৩৩ দেশের ৬৮ শান্তিরক্ষীকে পদক প্রদান ও শোকবইয়ে স্বাক্ষর:
জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে সর্বোচ্চ আত্মত্যাগকারী সামরিক, পুলিশ ও বেসামরিক সদস্যদের প্রতি বছর মরণোত্তর এই মেডেল প্রদান করা হয়। এবার বিশ্বজুড়ে শান্তিরক্ষা কার্যক্রমে প্রাণ হারানো জাতিসংঘের ৩৩টি সদস্য রাষ্ট্রের মোট ৬৮ জন সামরিক, পুলিশ ও বেসামরিক শান্তিরক্ষীকে ‘ড্যাগ হ্যামারশোল্ড মেডেল’ দেওয়া হয়েছে।
অনুচ্ছদের শুরুতে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস দায়িত্ব পালনকালে প্রাণ হারানো শান্তিরক্ষীদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেন এবং এক মিনিট নীরবতা পালন করেন। এ সময় গুতেরেস বিশ্বের বিভিন্ন সংঘাতপ্রবণ অঞ্চলে বেসামরিক জনগণের সুরক্ষা ও শান্তি ফেরাতে নিয়োজিত ৫০ হাজারের বেশি সক্রিয় শান্তিরক্ষীর অবদানের কথা তুলে ধরেন। মেডেল গ্রহণ অনুষ্ঠান শেষে বাংলাদেশের রাষ্ট্রদূত সালাউদ্দিন নোমান চৌধুরী জাতিসংঘ সদর দপ্তরের শোকবইয়ে স্বাক্ষর করে নিহত বাংলাদেশি শান্তিরক্ষীদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।
বিশ্বমঞ্চে শীর্ষ সৈন্য প্রেরণকারী দেশ বাংলাদেশ:
জাতিসংঘের আন্তর্জাতিক শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশ দীর্ঘদিন ধরেই অন্যতম শীর্ষ ও অন্যতম বৃহৎ সৈন্য প্রেরণকারী দেশ হিসেবে গৌরবময় ভূমিকা পালন করে আসছে। বিশ্বের বিভিন্ন ঝুঁকিপূর্ণ ও সংঘাতপূর্ণ মিশনে নিয়োজিত বাংলাদেশি শান্তিরক্ষীদের উচ্চ পেশাদারিত্ব, অসামান্য নিষ্ঠা, মানবিকতা ও জীবন উৎসর্গের এই বীরত্বগাথা আবারও আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তিকে উজ্জ্বল ও স্বীকৃত করল।