ঠাকুরগাঁও ও হিলি সীমান্তে ১৬ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ করে দিল বিজিবি

জুন ৬, ২০২৬ | Feature-2 |

নিজস্ব প্রতিবেদক: ঠাকুরগাঁও এবং দিনাজপুরের হিলি সীমান্ত দিয়ে পৃথক দুটি ঘটনায় নারী ও শিশুসহ মোট ১৬ জনকে বাংলাদেশে পুশইনের (জোরপূর্বক ঠেলে দেওয়ার) চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ শনিবার (৬ জুন) ভোররাতে সীমান্ত দুটি দিয়ে বিএসএফের এই পুশইনের চেষ্টার বিপরীতে বিজিবি সদস্যরা শক্তিশালী ও কৌশলগত অবস্থান নিলে তা সম্পূর্ণ পণ্ড হয়ে যায়।

ঠাকুরগাঁওয়ে নারী ও শিশুসহ ১১ জনকে পুশইনের চেষ্টা:

৪২ বিজিবি দিনাজপুর ব্যাটালিয়ন সূত্র জানায়, আজ শনিবার ভোররাত সাড়ে ৩টার দিকে ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার মশালগাঁও সীমান্ত এলাকা দিয়ে ৩ জন পুরুষ, ৪ জন নারী এবং ৪ জন শিশুকে জোরপূর্বক বাংলাদেশে পুশইন করার চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এ সময় সীমান্তে টহলরত বিজিবি সদস্যরা বিষয়টি টের পেয়ে তাৎক্ষণিকভাবে বিএসএফের সেই অপচেষ্টা প্রতিহত করে দেয়।

৪২ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান পুশইন চেষ্টা পণ্ড করার বিষয়টি নিশ্চিত করে জানান, বিজিবির অনড় অবস্থানের কারণে ওই নারী, পুরুষ এবং শিশুরা বর্তমানে ভারতের অভ্যন্তরেই অবস্থান করছে। অনুপ্রবেশ ঠেকাতে মশালগাঁও সীমান্তে বিজিবি সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন বলেও তিনি উল্লেখ করেন।

হিলি সীমান্তে ৫ ভারতীয় নাগরিককে ঠেলে দেওয়ার চেষ্টা ব্যর্থ:

এদিকে দিনাজপুরের হিলি’র ঘাসুড়িয়া সীমান্ত দিয়ে অপর এক পুশইনের চেষ্টা বিজিবির কঠোর নজরদারিতে ব্যর্থ হয়েছে। আজ ভোররাত সাড়ে ৩টায় ঘাসুড়িয়া সীমান্ত দিয়ে ৫ জন ভারতীয় নাগরিককে বাংলাদেশে পুশইন করার বিষয়টি টের পান দায়িত্বরত বিজিবি জোয়ানরা। সঙ্গে সঙ্গে বিজিবি সদস্যরা সীমান্তে শক্তিশালী অবস্থান নিলে পুশইনের সেই চেষ্টা ব্যর্থ হয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করে জয়পুরহাট-২০ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল লতিফুল বারী জানান, ভারত থেকে অবৈধ পথে কোনো প্রকার মানুষ যেন হিলি সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করতে না পারে, সেই লক্ষ্যে বিজিবির টহল ও নজরদারি জোরদার করা হয়েছে। এছাড়াও এই অঞ্চলের অরক্ষিত সীমান্তগুলোতে বিভিন্ন গোয়েন্দা সংস্থার পাশাপাশি বিজিবি সার্বক্ষণিক নজরদারি করছে। বর্তমানে সামগ্রিক সীমান্ত পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে বলেও জানান এই কর্মকর্তা।



Leave a Comment