যুক্তরাষ্ট্রে প্রবেশাধিকার পেলেন না সোমালিয়ার রেফারি: ক্ষুব্ধ আফ্রিকা

June 9, 2026 | Feature-2 |

ক্রীড়া প্রতিবেদক: বিশ্বকাপের ইতিহাসে প্রথম সোমালি নাগরিক হিসেবে ম্যাচ পরিচালনার গৌরব অর্জন করতে যাওয়া পুরস্কারজয়ী রেফারি ওমর আবদুলকাদির আরতানকে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে দেওয়া হয়নি। মার্কিন অভিবাসন কর্তৃপক্ষের এই অনাকাঙ্ক্ষিত নিষেধাজ্ঞার পর বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা ফিফা তাঁকে ২০২৬ সালের বিশ্বকাপ রেফারিদের তালিকা থেকে চূড়ান্তভাবে বাদ দিতে বাধ্য হয়েছে। খবর আল জাজিরার

গত সোমবার (৮ জুন) এক বিবৃতিতে ফিফা এবং মার্কিন কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন (সিবিপি) যৌথভাবে সোমালিয়ার এই রেফারিকে এন্ট্রি (প্রবেশাধিকার) না দেওয়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে।

মিয়ামি বিমানবন্দরে আটকানোর পর ইস্তাম্বুলে ফেরত:

সংশ্লিষ্ট সূত্র জানায়, গত শনিবার তুরস্কের ইস্তাম্বুল থেকে বিমানযোগে যুক্তরাষ্ট্রের মিয়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান ওয়ান অব দ্য বেস্ট আফ্রিকান রেফারি ওমর আরতান। সেখানে মার্কিন ইমিগ্রেশন কর্মকর্তারা নিয়মিত পরীক্ষার অংশ হিসেবে তাঁকে অতিরিক্ত জিজ্ঞাসাবাদের মুখোমুখি করেন।

সিবিপি এক বিবৃতিতে জানিয়েছে, “যাচাই-বাছাইয়ের পর নিরাপত্তা ও ভেটিং সংক্রান্ত উদ্বেগের (Vetting Concerns) কারণে ফিফা বিশ্বকাপের এই সোমালি রেফারিকে যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুপযুক্ত ঘোষণা করা হয় এবং তাঁর প্রবেশাধিকার প্রত্যাখ্যান করা হয়”। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে তাঁকে পুনরায় ইস্তাম্বুলে ফেরত পাঠানো হয়েছে বলে জানা গেছে, যেখানে তিনি সাময়িকভাবে অবস্থান করছিলেন।

ফিফার আনুষ্ঠানিক বিবৃতি:

এই ঘটনার পর ফিফার একজন মুখপাত্র ফরাসি সংবাদমাধ্যম এএফপি-কে বলেন, “ফিফা নিশ্চিত করছে যে, যুক্তরাষ্ট্রে প্রবেশাধিকার বঞ্চিত হওয়ায় ম্যাচ অফিশিয়াল ওমর আবদুলকাদির আরতান ২০২৬ ফিফা বিশ্বকাপে কোনো ধরনের প্রশিক্ষণ বা ম্যাচ পরিচালনার দায়িত্ব পালন করতে পারবেন না”।

স্বাগতিক দেশের ইমিগ্রেশন প্রক্রিয়ায় ফিফার কোনো হস্তক্ষেপ করার সুযোগ নেই উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, “ফিফা আয়োজক দেশের ভিসা বা ইমিগ্রেশন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত নয়। কর্তৃপক্ষ আমাদের জানিয়েছে যে, আরতানের বর্তমান মর্যাদার কোনো পরিবর্তন হবে না। পূর্ববর্তী ফিফা ইভেন্টগুলোর মতোই, স্বাগতিক সরকারই চূড়ান্তভাবে নির্ধারণ করে কে ভিসা পাবে এবং কাকে দেশে প্রবেশের অনুমতি দেওয়া হবে”।

বৈধ ভিসা ও diplomatic পাসপোর্ট সত্ত্বেও নিষেধাজ্ঞা:

সোমালিয়ার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের জেনার উপদেষ্টা এবং জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক চিইসে আদেন আবশির ক্ষোভ প্রকাশ করে জানিয়েছেন, ওমর আরতানের কাছে যুক্তরাষ্ট্রের বৈধ ভিসা এবং সমস্ত প্রয়োজনীয় ভ্রমণ নথি ছিল। এমনকি পূর্ববর্তী ভিসা জটিলতা এড়াতে সোমালিয়া সরকারের পক্ষ থেকে তাঁকে একটি বিশেষ কূটনৈতিক পাসপোর্টও ইস্যু করা হয়েছিল।

সোমালি স্পোর্টস মিনিস্ট্রির এই কর্মকর্তা বলেন, “ওমর আরতান আফ্রিকার অন্যতম সম্মানিত রেফারি। তাঁকে যুক্তরাষ্ট্রে ঢুকতে না দেওয়া এবং ম্যাচ পরিচালনা থেকে বিরত রাখা কেবল তাঁর ব্যক্তিগত ক্ষতি নয়, বরং ফুটবলের সততা, যোগ্যতা ও ফেয়ার প্লের চেতনাকে চরমভাবে ক্ষুণ্ন করে”।

ট্রাম্প প্রশাসনের ট্রাভেল ব্যান এবং সোমালিয়ার ক্ষোভ:

মার্কিন কর্তৃপক্ষ অফিশিয়ালি এই প্রবেশাধিকার বাতিলের সুনির্দিষ্ট কারণ প্রকাশ না করলেও আন্তর্জাতিক গণমাধ্যমগুলো মনে করিয়ে দিয়েছে যে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের জারি করা বিশেষ ভ্রমণ নিষেধাজ্ঞা বা ‘ট্রাভেল ব্যান’ (Travel Ban) তালিকায় সোমালিয়ার নাম রয়েছে। ধারণা করা হচ্ছে, সেই নীতিমালার গ্যাঁড়াকলেই পড়তে হয়েছে এই কৃষ্ণাঙ্গ রেফারিকে।

উল্লেখ্য, ২০১৮ সালে ফিফার আন্তর্জাতিক রেফারির স্বীকৃতি পাওয়া ওমর আরতান তাঁর অসামান্য ম্যাচ পরিচালনার দক্ষতার জন্য ২০২৫ সালে কনফেডারেশন অব আফ্রিকান ফুটবল (সিএএফ) কর্তৃক ‘বছরের সেরা পুরুষ রেফারি’ (CAF Men’s Referee of the Year) নির্বাচিত হন। ২০২৬ সালের উত্তর আমেরিকা বিশ্বকাপের জন্য ফিফার ঘোষিত ৫২ জন মূল রেফারির তালিকায় স্থান পেয়েছিলেন তিনি। মাঠে নামার আগেই রাজনৈতিক ও ইমিগ্রেশন জটিলতায় তাঁর এই ঐতিহাসিক বিশ্বকাপ অভিষেকের স্বপ্ন ভেঙে গেল।



Leave a Comment