মাঠের বাইরে বিক্ষোভ, মাঠে লড়াই: নিউজিল্যান্ডের সাথে ইরানের পয়েন্ট ভাগাভাগি
স্পোর্টস ডেস্ক: যুক্তরাষ্ট্রের সাথে চলমান রাজনৈতিক সংঘাত, দলের ফুটবলারদের ভিসা জটিলতা এবং শেষ মুহূর্তে মেক্সিকোতে বেস ক্যাম্প সরিয়ে নেওয়া—নানা নাটকীয়তার পর অবশেষে মাঠের লড়াইয়ে নেমেছে ইসলামিক রিপাবলিক অব ইরান। তবে মাঠের ভেতরের ফুটবলের চেয়েও মাঠের বাইরের উত্তাপ যেন ছাড়িয়ে গেছে সবকিছুকে। আজ মঙ্গলবার (১৬ জুন) যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের সোফাই স্টেডিয়ামে অনুষ্ঠিত বিশ্বকাপে গ্রুপ ‘জি’-এর নিজেদের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের সাথে ২-২ গোলের শ্বাসরুদ্ধকর ড্র নিয়ে মাঠ ছেড়েছে ইরান।
স্টেডিয়ামের বাইরে বিক্ষোভ ও ফিফার নিষেধাজ্ঞা:
ম্যাচটিকে কেন্দ্র করে লস অ্যাঞ্জেলেসের সোফাই স্টেডিয়ামের বাইরে ব্যাপক উত্তেজনা ও রাজনৈতিক বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে দেখা যায়, বিক্ষোভকারীরা স্টেডিয়ামের বাইরে জড়ো হয়ে মার্কিন প্রেসিডেন্টের উদ্দেশে ‘প্রেসিডেন্ট ট্রাম্প, কাজ শেষ করুন!’ এবং ‘আর কোনো ইসলামিক রিপাবলিক নয়’ ধরনের তীব্র রাজনৈতিক স্লোগান দিচ্ছেন।
এদিকে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আন্তর্জাতিক ফুটবল নিয়ন্ত্রক সংস্থা ফিফা স্পষ্ট জানিয়ে দিয়েছে, স্টেডিয়ামের নিয়ম অনুযায়ী চলতি বিশ্বকাপে বিপ্লব-পূর্ব ইরানের (শাহ আমলের) পতাকা প্রদর্শন সম্পূর্ণ নিষিদ্ধ। গতকাল সোমবার লস অ্যাঞ্জেলেসে এক শেষ মুহূর্তের শুনানিতে এই নিষেধাজ্ঞা বহাল রাখা হয় বলে আন্তর্জাতিক ক্রীড়া মাধ্যম ‘দ্য অ্যাথলেটিক’ নিশ্চিত করেছে।
শুরুতেই অঘটন, তারেমির মিস ও রেজাইয়ানের গোল:
এমন এক চরম রাজনৈতিক ও মানসিক বৈরি পরিস্থিতির মধ্যে মাঠে নেমে ম্যাচের শুরুতেই বড় ধাক্কা খায় ইরান। ম্যাচের মাত্র ৭ মিনিটে সবাইকে চমকে দিয়ে ফিফা র্যাংকিংয়ের ৮৫ নম্বরে থাকা নিউজিল্যান্ডকে এগিয়ে নেন ফরোয়ার্ড এলিজা জাস্ট।
গোল খেয়ে সমতায় ফিরতে মরিয়া ইরান ম্যাচের ২৪ মিনিটে এক সুবর্ণ সুযোগ হাতছাড়া করে। দলের তারকা ফরোয়ার্ড মেহদি তারেমির একটি জোরালো শট গোল বারে লেগে ফিরে আসে। তবে তিনি নিজে শট না নিয়ে পাশে ফাঁকায় থাকা দুই সতীর্থকে পাস দিলে গোলের সুযোগ আরও বাড়ত। এই মিসের ঠিক ৮ মিনিট পর (ম্যাচের ৩২ মিনিটে) নিউজিল্যান্ডের বক্সে জটলার ভেতর থেকে দুর্দান্ত এক শটে গোল করে ইরানকে ১-১ সমতায় ফেরান ডিফেন্ডার রামিন রেজাইয়ান। এই সমতা নিয়েই শেষ হয় প্রথমার্ধ।
দ্বিতীয়ার্ধে আবারও জাস্ট চমক ও মোহেবির সমতা:
দ্বিতীয়ার্ধের শুরুতেই ইরান রক্ষণভাগের অসতর্কতার সুযোগ নিয়ে ম্যাচের ৫৪ মিনিটে আবারও নিউজিল্যান্ডকে লিড এনে দেন সেই এলিজা জাস্ট। তবে কিউইদের এই লিড বেশিক্ষণ টিকতে দেয়নি পার্সিয়ান স্টাররা। ঠিক ১০ মিনিটের মাথায় ম্যাচে সমতায় ফেরে ইরান। ম্যাচের ৬৪ মিনিটে ডান প্রান্ত (রাইট সাইড) দিয়ে রামিন রেজাইয়ানের চমৎকার মাপা ক্রসে মোহাম্মদ মোহেবি এক জোরালো হেডে বল নিউজিল্যান্ডের জালে জড়ান।
ম্যাচের বাকি সময়ে দুই দলই জয়সূচক গোলের জন্য মরিয়া হয়ে আক্রমণ চালালেও জালের দেখা পায়নি কেউ। ফলে মাঠের ভেতরের ও বাইরের তুমুল উত্তেজনা শেষে ২-২ গোলের ড্রয়ের স্বস্তি নিয়ে মাঠ ছাড়ে দু’দল।