বিশ্বকাপে মেক্সিকোর বিজয় উদযাপন করতে গিয়ে ৪ জনের মৃত্যু

July 2, 2026 | Feature-2 |

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বকাপ ফুটবলের আসরে ইকুয়েডরকে হারিয়ে দীর্ঘ চার দশক পর শেষ ষোলো বা নকআউট পর্বে ওঠার ঐতিহাসিক আনন্দ উদ্‌যাপন করতে গিয়ে মেক্সিকোর রাজধানীতে এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। বাঁধভাঙা উল্লাসের মধ্যে অতিরিক্ত ভিড় ও বিশৃঙ্খলার জেরে শ্বাসরুদ্ধ হয়ে চারজন ফুটবলপ্রেমীর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এই করুণ প্রাণহানির তথ্য নিশ্চিত করেছে। নিহতদের মধ্যে দুইজন পুরুষ ও দুজন নারী রয়েছেন বলে জানা গেছে।

চলতি বিশ্বকাপের অন্যতম সহ-আয়োজক মেক্সিকো নিজেদের ঐতিহ্যবাহী ‘এস্তাদিও আজতেকা স্টেডিয়ামে’ ইকুয়েডরকে ২-০ গোলে পরাজিত করে শেষ ষোলোর টিকিট কাটে। দেশের মাটিতে ঐতিহাসিক এই জয়ের পর গভীর রাতে উল্লাস করতে হাজার হাজার ফুটবলপ্রেমী মেক্সিকো সিটির অন্যতম প্রধান সড়ক ‘প্যাসেও দে লা রেফর্মা’ এলাকায় জড়ো হন। উদ্‌যাপনের একপর্যায়ে মানুষের মাত্রাতিরিক্ত ভিড় ও হুড়োহুড়ির কারণে সেখানে চরম বিশৃঙ্খলা তৈরি হয় এবং অনেকে অক্সিজেনের অভাবে শ্বাসকষ্টে ভুগতে শুরু করেন, যা পরবর্তীতে এই মর্মান্তিক মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়।

স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তাদের বরাত দিয়ে মেক্সিকো সিটি সরকারের প্রধান ক্লারা ব্রুগাদা মলিনা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক আনুষ্ঠানিক বার্তায় জানান, নিহতদের মধ্যে ৪৪ বছর বয়সী একজন পুরুষ এবং ১৯ ও ৪৮ বছর বয়সী দুজন নারী রয়েছেন। জরুরি সেবার পদক্ষেপ সম্পর্কে তিনি উল্লেখ করেন, ওই এলাকায় কয়েকজন অজ্ঞান হয়ে পড়ার খবর পেয়ে চিকিৎসক ও উদ্ধারকর্মীরা তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছান। তাদের বাঁচাতে সম্ভাব্য সব ধরনের জরুরি চিকিৎসা পদ্ধতি প্রয়োগ করা হলেও শেষ পর্যন্ত ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

পরবর্তী সময়ে কর্তৃপক্ষ হাসপাতালে চতুর্থ ব্যক্তির মৃত্যুর খবর নিশ্চিত করে। ৩০ বছর বয়সী ওই ফুটবলপ্রেমীকে গুরুতর খিঁচুনি এবং পাকস্থলীর রক্তক্ষরণজনিত কারণে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান। এই মর্মান্তিক ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করে ক্লারা ব্রুগাদা নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং ভবিষ্যতে যেকোনো আনন্দ উদ্‌যাপনে নাগরিকদের আরও দায়িত্বশীল ও সচেতন হওয়ার আহ্বান জানান। উল্লেখ্য, ১৯৮৬ সালে নিজেদের মাটিতে অনুষ্ঠিত বিশ্বকাপে বুলগেরিয়াকে হারানোর দীর্ঘ চার দশক পর নকআউট পর্বে কোনো ম্যাচ জয়ের স্বাদ পেল মেক্সিকো, কিন্তু দীর্ঘ প্রতীক্ষিত সেই ঐতিহাসিক অর্জন শেষ পর্যন্ত রূপ নিল চরম বিষাদে।



Leave a Comment