হবিগঞ্জে এনসিপি ও বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচি: পৌর এলাকায় ১৪৪ ধারা জারি

July 29, 2026 | Feature-2 |

জেলা প্রতিনিধি: একই সময়ে এবং একই স্থানে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বিএনপি এবং এর অঙ্গসংগঠনগুলোর পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণাকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ ও অপ্রীতিকর পরিস্থিতির আশঙ্কায় হবিগঞ্জ পৌর এলাকায় ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন।

আজ বুধবার (২৯ জুলাই ২০২৬) হবিগঞ্জ জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক ড. জি এম সরফরাজ স্বাক্ষরিত এক জরুরি আদেশে এই সিদ্ধান্ত জানানো হয়।

মুখোমুখি দুই দল ও ১৪৪ ধারার আদেশ
প্রশাসন সূত্র জানায়, হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাদের গাড়িবহরে গত মঙ্গলবার সন্ধ্যায় হামলার ঘটনা ঘটে। এর প্রতিবাদে এনসিপির পক্ষ থেকে আজ বুধবার হবিগঞ্জ পৌর এলাকায় বিক্ষোভ সমাবেশ ও পদযাত্রার কর্মসূচি আহ্বান করা হয়।

অপরদিকে, একই স্থানে ও একই সময়ে হবিগঞ্জ সদর উপজেলা বিএনপি, পৌর বিএনপি এবং জেলা ছাত্রদলও ‘শান্তি প্রতিষ্ঠার সমাবেশ ও অবস্থান কর্মসূচি’ ঘোষণা করে। পাল্টাপাল্টি এ কর্মসূচিকে কেন্দ্র করে দুই দলের নেতাকর্মীদের মধ্যে তীব্র উত্তেজনা তৈরি হয়।

জেলা প্রশাসনের বিজ্ঞপ্তিতে বলা হয়, একই স্থানে জোড়া কর্মসূচির কারণে উভয় পক্ষের মধ্যে সহিংসতা, জানমালের ক্ষতি এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতির আশঙ্কা রয়েছে। জনস্বার্থে ও সার্বিক শান্তি বজায় রাখতে ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮-এর ১৪৪ ধারার আওতায় হবিগঞ্জ পৌর এলাকায় পাঁচ বা ততোধিক ব্যক্তির একত্র হওয়া, মিছিল, সভা-সমাবেশ, শোভাযাত্রা, মাইকিং, পিকেটিং ও স্লোগানসহ সব ধরনের সংঘাতপূর্ণ কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ মোতায়েন ও প্রাশাসনিক কড়াকড়ি
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ১৪৪ ধারার এ নিষেধাজ্ঞা অবিলম্বে কার্যকর হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তা বহাল থাকবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্ট ও মোড়ে মোড়ে অতিরিক্ত পুলিশ ও আর্মড পুলিশ মোতায়েন করা হয়েছে।

যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।



Leave a Comment