হবিগঞ্জে যাওয়ার পথে শ্রীমঙ্গলে এনসিপি নেতাদের বহর আটকে দিল পুলিশ

July 29, 2026 | Feature-2 |

সিলেট ও রাজনৈতিক প্রতিনিধি: হবিগঞ্জে গতকাল দলীয় নেতাদের গাড়িবহরে হামলার প্রতিবাদে ঘোষিত কর্মসূচিতে যোগ দিতে গিয়ে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মারাত্মক বাধার মুখে পড়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা। বাধার একপর্যায়ে ক্ষুব্ধ এনসিপি নেতারা হাসপাতেল রোড ও মহাসড়কের ওপর বসেই বিক্ষোভ শুরু করেন।

আজ বুধবার (২৯ জুলাই ২০২৬) বিকেল চারটার পর মৌলভীবাজার সার্কিট হাউজ থেকে হবিগঞ্জের উদ্দেশ্যে রওনা হলে পথিমধ্যে এই ঘটনা ঘটে।

পুলিশের বাধা ও সড়কে অবস্থান
প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রে জানা যায়, বিকেলে সার্কিট হাউজ থেকে এনসিপির কেন্দ্রীয় নেতাদের বহরটি হবিগঞ্জের দিকে এগোতে থাকলে শ্রীমঙ্গলের ‘চা-কন্যা’ চত্বর এলাকায় পুলিশ প্রথম তাঁদের পথরোধ করে। সেখানে প্রায় আধা ঘণ্টা আটকে থাকার পর বিকেল ৫টা ৫ মিনিটের দিকে পুলিশের তৈরি ব্যারিকেড অতিক্রম করে গাড়িবহরটি পুনরায় হবিগঞ্জের উদ্দেশ্যে এগোতে থাকে।

তবে কিছুদূর এগোনোর পরই ওই এলাকাতেই আইন প্রয়োগকারী সংস্থার তীব্র বাধার মুখে পড়ে বহরটি। দফায় দফায় বাধার মুখে পড়ে একপর্যায়ে বিকেল সাড়ে ৫টার দিকে গাড়ি থেকে নেমে সড়কে বসেই অবস্থান কর্মসূচি পালন শুরু করেন এনসিপি নেতারা।

সংঘাতময় পরিস্থিতির নেপথ্যে
উল্লেখ্য, গত মঙ্গলবার সন্ধ্যায় হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাদের গাড়িবহরে এক দফা হামলার ঘটনা ঘটে। এর প্রতিবাদে দলটির পক্ষ থেকে আজ বুধবার হবিগঞ্জে প্রতিবাদ কর্মসূচির ডাক দেওয়া হয়। অপরদিকে, সমসাময়িক ইস্যুতে একই দিন ও সময়ে বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলো পৃথক কর্মসূচি আহ্বান করায় হবিগঞ্জ শহরজুড়ে চরম রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়।

দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কথা মাথায় রেখে আজ হবিগঞ্জ পৌর এলাকায় সব ধরনের মিছিল-সমাবেশ নিষিদ্ধ করে ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা জারি করেছে হবিগঞ্জ জেলা প্রশাসন। এ নিয়ে পুরো জেলায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।



Leave a Comment