প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিয়ে প্রধানমন্ত্রীর দিনের কর্মসূচি শুরু

July 30, 2026 | Feature-2 |

নিজস্ব প্রতিবেদক: শারীরিক প্রতিবন্ধকতা জয় করে পড়ালেখা শেষ করা তিন অদম্য ব্যক্তির হাতে চাকরির নিয়োগপত্র তুলে দেওয়ার মধ্য দিয়ে দিনের দাপ্তরিক কর্মসূচি শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ বৃহস্পতিবার (৩০ জুলাই ২০২৬) সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের নিজ কার্যালয়ে প্রধানমন্ত্রীর হাত থেকে এই বিশেষ নিয়োগপত্র গ্রহণ করেন তাঁরা।

পা দিয়ে লিখে স্নাতকোত্তর সম্পন্ন করা দুই অদম্য নারীসহ তিনজনকে প্রধানমন্ত্রীর এই সরাসরি নিয়োগপত্র দেওয়ার দৃশ্য সচিবালয়ে আবেগঘন পরিবেশের সৃষ্টি করে। নিয়োগপত্র হাতে পেয়ে চরম উচ্ছ্বাস ও কৃতজ্ঞতা প্রকাশ করেন সুবিধাভোগীরা।

পা দিয়ে লিখে স্নাতকোত্তর, মিলল সরকারি চাকরি
নিয়োগপত্র পাওয়া ব্যক্তিদের একজন জন্ম থেকেই দুই হাত না থাকা নীলা খাতুন। তিনি কঠিন মানসিক শক্তির পরিচয় দিয়ে পা দিয়ে লিখে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। তাঁকে রাজধানীর মিরপুরে অবস্থিত জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনে শিক্ষক হিসেবে পদায়ন করা হয়েছে।

একইভাবে শারীরিক প্রতিবন্ধকতা পেরিয়ে পা দিয়ে লিখে স্নাতকোত্তর শেষ করা অপর নারী আয়েশা আক্তারকে তাঁর নিজ জেলা গাইবান্ধার বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে ‘ক্লাস সুপারভাইজার’ পদে নিয়োগ দেওয়া হয়েছে।

এ ছাড়া দৃষ্টিপ্রতিবন্ধী মো. হাসমত আলীকে সমাজসেবা অধিদপ্তরের অধীন ‘ইউনিয়ন সমাজকর্মী’ পদে স্থায়ী নিয়োগপত্র হস্তান্তর করেন প্রধানমন্ত্রী।

অনুষ্ঠানে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুলসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।



Leave a Comment