ক্ষমতাসীনদের ফ্যাসিবাদী প্রবণতা জনদুর্ভোগ বাড়াচ্ছে : মুহাম্মদ নজরুল ইসলাম

চট্টগ্রাম প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগর আমীর মুহাম্মদ নজরুল ইসলাম বলেছেন, ক্ষমতাসীনদের কর্মকাণ্ডে ক্রমেই ফ্যাসিবাদী প্রবণতার বহিঃপ্রকাশ ঘটছে। গণমানুষের প্রত্যাশা পূরণের পরিবর্তে জনদুর্ভোগ বৃদ্ধি, দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি এবং জনগণের মতামত উপেক্ষার সংস্কৃতি উদ্বেগজনক। একটি গণতান্ত্রিক রাষ্ট্রে জবাবদিহিতা, ন্যায়বিচার ও জনগণের অধিকার নিশ্চিত করাই সরকারের প্রধান দায়িত্ব।

তিনি আজ বাদ মাগরিব চট্টগ্রামের জামালখানস্থ মহানগর কার্যালয়ে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরের কার্যকরী পরিষদের বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগর সভাপতি এস এম লুৎফর রহমান।

মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, দেশের সাধারণ মানুষ আজ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের অস্বাভাবিক ঊর্ধ্বগতিতে চরম কষ্টে দিন কাটাচ্ছেন। শ্রমজীবী ও নিম্নআয়ের মানুষের জীবনযাত্রা ক্রমেই দুর্বিষহ হয়ে উঠছে। বাজার নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ গ্রহণ এবং শ্রমিকসহ সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা রক্ষায় সরকারকে বাস্তবসম্মত পদক্ষেপ নিতে হবে।

তিনি বলেন, জনগণের ভোট, মতপ্রকাশের স্বাধীনতা এবং গণতান্ত্রিক অধিকারকে সম্মান না করে কোনো রাষ্ট্র দীর্ঘদিন স্থিতিশীল থাকতে পারে না। জনস্বার্থবিরোধী সিদ্ধান্ত, প্রশাসনিক অদক্ষতা ও জবাবদিহিতার অভাবে জনদুর্ভোগ আরও বৃদ্ধি পাচ্ছে। জনগণের আস্থা পুনরুদ্ধারে স্বচ্ছতা, ন্যায়বিচার এবং কল্যাণমুখী রাষ্ট্র পরিচালনার বিকল্প নেই।

সভাপতির বক্তব্যে এস এম লুৎফর রহমান বলেন, বর্তমান পরিস্থিতিতে শ্রমিকদের অধিকার রক্ষা, সংগঠনকে আরও শক্তিশালী করা এবং সমাজসেবামূলক কার্যক্রম জোরদার করা সময়ের দাবি। শ্রমজীবী মানুষের ন্যায্য দাবি আদায়ে ঐক্যবদ্ধ ও শান্তিপূর্ণ গণআন্দোলনের মাধ্যমে জনকল্যাণমূলক ভূমিকা অব্যাহত রাখতে হবে। তিনি সংগঠনের প্রতিটি স্তরে শৃঙ্খলা, দায়িত্বশীলতা ও আদর্শিক মানোন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন।

মহানগর সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরীর সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন মহানগরীর সহ-সভাপতি নজির হোসেন, মকবুল আহমদ ভুঁইয়া, সহ-সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শিহাব উল্লাহ, অধ্যক্ষ আসাদ উল্লাহ আদিল, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ হামিদুল ইসলাম, কোষাধ্যক্ষ মুহাম্মদ নুরুন্নবী, দপ্তর সম্পাদক স.ম. শামীম, শিক্ষা ও প্রশিক্ষন সম্পাদক মনিরুল ইসলাম মজুমদার, ট্রেড ইউনিয়ন সম্পাদক মুহাম্মদ জাহাঙ্গীর আলম, পাঠাগার সম্পাদক ইঞ্জিনিয়ার সাইফুল ইসলামসহ কার্যকরি পরিষদের সদস্যবৃন্দ।



Leave a Comment