সংকট আড়াল করতে বিভ্রান্তি ছড়াচ্ছে সরকার: জামায়াত

August 16, 2026 | Feature-2 |

বিশেষ প্রতিবেদক: দেশজুড়ে বিদ্যুৎ ও জ্বালানি সংকটে থমকে গেছে জনজীবন। সাধারণ মানুষের এই সীমাহীন দুর্ভোগ আর সরকারের নীতিগত ব্যর্থতা ঢাকতেই ক্রমাগত বিভ্রান্তিকর বক্তব্য ছড়ানো হচ্ছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রোববার (১৬ আগস্ট ২০২৬) সন্ধ্যা ৭টায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিঞা গোলাম পরওয়ার।

দুর্নীতি বন্ধ ও ৫ দফা জরুরি পদক্ষেপ
সংবাদ সম্মেলনে জামায়াত নেতা বলেন, সরকারের অপচয় ও সিন্ডিকেটপ্রীতি দেশজুড়ে চরম সংকট তৈরি করেছে। বাজেট থেকে জরুরি বরাদ্দ এনে বিদ্যুৎ খাতকে সচল করার তাগিদ দিয়ে তিনি বলেন, সমস্যা সমাধানের জন্য বছরের পর বছর সময় চাওয়ার বাহানা জনগণ আর মানবে না।

বিদ্যুৎ সংকট মোকাবিলায় জামায়াতের পক্ষ থেকে ৫টি জরুরি পদক্ষেপ তুলে ধরা হয়:

অবৈধ বিদ্যুতের লাইন তাত্ক্ষণিকভাবে বিচ্ছিন্ন করা।

ভূতুড়ে বিল বানিয়ে গ্রাহক হয়রানি বন্ধ করা।

কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রের নামে দেওয়া হাজার হাজার কোটি টাকার ক্যাপাসিটি চার্জ বা লুটপাট বন্ধ করা।

বাজারের সিন্ডিকেট ভাঙন ও বাজেট বরাদ্দের সঠিক ব্যবহার নিশ্চিত করা।

সরকার প্রদত্ত কুইক-ফিক্স বাদ দিয়ে বিরোধী দলের সমন্বিত প্রস্তাবনা দ্রুত বাস্তবায়ন করা।

সরকারের সমন্বয়হীনতা ও দেশজুড়ে প্রভাব
সরকারের নীতি-নির্ধারকদের মন্তব্যের বৈপরীত্য তুলে ধরে গোলাম পরওয়ার বলেন, “এক মন্ত্রী বলছেন দুই বছর লাগবে, আরেকজন বলছেন ১০ বছর। সরকার আগে নিজেদের মধ্যে সমন্বয় করুক, তারপর জনগণকে আশ্বস্ত করুক।”

তিনি হুশিয়ারি দিয়ে বলেন, জ্বালানি সংকট শুধু একটা প্রশাসনিক ব্যর্থতা নয়, এটি জাতীয় বিপর্যয়। এর ফলে সকালে গৃহিণীরা চুলা জ্বালাতে পারছেন না, কারখানায় উৎপাদন বন্ধ থাকায় শ্রমিকরা বেকার হচ্ছেন এবং রফতানি ব্যাহত হওয়ায় দেশের অর্থনীতি ধসে পড়ছে। বিরোধী দলের ওপর দায় না চাপিয়ে অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তিনি।

সংবাদ সম্মেলনে উপস্থিত নেতৃবৃন্দ
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দলের জ্যেষ্ঠ নেতৃবৃন্দ ও সংসদ সদস্যরা। তাঁদের মধ্যে ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম, সাবেক এমপি ড. এএইচএম হামিদুর রহমান আযাদ, মাওলানা আবদুল হালিম, মাওলানা মুহাম্মদ শাহজাহান, এডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন এমপি, ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নূরুল ইসলাম বুলবুল এমপি, সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি, ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. রেজাউল করিম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মুহাম্মদ জাহিদুর রহমান এবং ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন এমপি।



Leave a Comment