স্বামীর শেষবিদায়ে ১২ ঘণ্টার প্যারোলে মুক্তি পাচ্ছেন ডা. দীপু মনি

August 19, 2026 | Feature-2 |

মুন্সীগঞ্জ প্রতিনিধি: প্রয়াত স্বামী সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী তৌফিক নেওয়াজকে (৭৬) শেষবারের মতো দেখতে ১২ ঘণ্টার জন্য শর্তসাপেক্ষ প্যারোলে মুক্তি পাচ্ছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগ নেত্রী ডা. দীপু মনি। মুন্সীগঞ্জ জেলা কারাগার থেকে আগামীকাল বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত তাকে এই মুক্তি দেওয়া হচ্ছে।

মুন্সীগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. রেজাউল করিম প্যারোলে মুক্তির বিষয়টি নিশ্চিত করে জানান, ডা. দীপু মনির আইনজীবীর আবেদনের প্রেক্ষিতে জেলা প্রশাসন এ সিদ্ধান্ত মঞ্জুর করেছে।

কারা সূত্রে জানা যায়, বুধবার দুপুরে দীপু মনির মেয়ে তানি দীপাবলি মুন্সীগঞ্জ জেলা কারাগারে গিয়ে মায়ের সঙ্গে দেখা করেন। সাক্ষাৎ শেষে কারাফাটক থেকে বের হয়ে তিনি জেলা প্রশাসকের কাছে মায়ের প্যারোলে মুক্তির লিখিত আবেদন জানান। প্রাথমিক আবেদনে চার দিনের মুক্তির কথা বলা হলেও সার্বিক বিবেচনায় সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মোট ১২ ঘণ্টার প্যারোল মঞ্জুর করে জেলা প্রশাসন।

ডা. দীপু মনির আইনজীবী অ্যাডভোকেট গাজী ফয়সাল ইসলাম জানান, বৃহস্পতিবার সকালে কারাগার থেকে মুক্ত হয়ে তিনি প্রথমে রাজধানীর কলাবাগানের বাসভবনে যাবেন স্বামীর মরদেহ দেখতে। পরবর্তীতে ধানমণ্ডির তাকওয়া বা আজাদ মসজিদে জানাজা শেষে বনানী কবরস্থানে মরদেহের দাফন সম্পন্ন করা হবে।

উল্লেখ্য, মঙ্গলবার (১৯ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর গুলশানের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ডা. দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজ। তিনি দীর্ঘদিন ধরে কিডনি ও লিভার সংক্রান্ত নানা জটিলতায় ভুগছিলেন।



Leave a Comment