পাকিস্তানে ট্রেন লাইনচ্যুত হয়ে নিহত অন্তত ৬, আহত ৩০

October 13, 2026 | Feature-2 |

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মুলতানে ভয়াবহ ট্রেন দুর্ঘটনার শিকার হয়েছে করাচি থেকে পেশোয়ারগামী ‘রহমান বাবা এক্সপ্রেস’। ট্রেনটির ১৪টি বগি লাইনচ্যুত হয়ে অন্তত ৬ জন যাত্রী নিহত এবং ৩০ জন আহত হয়েছেন।

পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনালের প্রতিবেদনে মঙ্গলবার (১৩ অক্টোবর) এই প্রাণহানির খবর নিশ্চিত করা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার ভোর আনুমানিক ৫টা ১৫ মিনিটের দিকে মুলতানের শের শাহ সেতুর কাছে পৌঁছালে আকস্মিকভাবে এক্সপ্রেস ট্রেনটি দুর্ঘটনার মুখে পড়ে। খবর পেয়ে উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত ১৩টি বগি সরিয়ে উদ্ধার অভিযান পরিচালনা করে। দুর্ঘটনায় আহত যাত্রীদের উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় মুলতানের নিশতার হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনা থেকে বেঁচে যাওয়া এক যাত্রী জানান, ট্রেনটি দুর্ঘটনার শিকার হওয়ার কিছুক্ষণ আগে রোহড়ির কাছাকাছি এলাকায় ৯ নম্বর বগির নাট-বল্টু মেরামত করেছিলেন রেলকর্মীরা। তবে কারিগরি ত্রুটি নাকি অন্য কোনো কারণে এই লাইনচ্যুতি ঘটেছে, তার সুনির্দিষ্ট কারণ এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি রেল কর্তৃপক্ষ।

এ ঘটনার পর পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি উদ্ধার তৎপরতা জোরদার করার নির্দেশ দেওয়ার পাশাপাশি আহতদের দ্রুত ও উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তাগিদ দিয়েছেন।

উল্লেখ্য, পাকিস্তানে জরাজীর্ণ রেললাইন ও কারিগরি ত্রুটির কারণে প্রায়ই এমন ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটে থাকে। এর আগে ২০২৩ সালের আগস্টে সিন্ধুর নবাবশাহর কাছে ‘হাজারা এক্সপ্রেস’ লাইনচ্যুত হয়ে অন্তত ৩০ জন নিহত এবং শতাধিক যাত্রী গুরুতর আহত হয়েছিলেন।



Leave a Comment