সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড: বিস্তারিত জানতে চিঠি পাঠিয়েছে ঢাকা

October 17, 2026 | Feature-1 |

নিউজ ডেস্ক: সৌদি আরবে সম্প্রতি এক বাংলাদেশি পুরুষ ও এক নারীর মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে দেশটির কর্তৃপক্ষের কাছ থেকে এখনো বিস্তারিত ও আনুষ্ঠানিক তথ্য পায়নি বাংলাদেশ। তবে ঘটনাটি অত্যন্ত দুর্ভাগ্যজনক ও অপ্রত্যাশিত আখ্যা দিয়ে বিস্তারিত জানতে ইতোমধ্যে সৌদি সরকারকে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

শনিবার (১৭ অক্টোবর ২০২৬) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, গত ১৪ অক্টোবর বাংলাদেশ সরকার জানতে পারে যে সৌদি আরবের নিজস্ব আইনে দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। তবে মৃত্যুদণ্ড দেওয়ার পর তা কার্যকরের আগে রিয়াদের বাংলাদেশ মিশন বা পররাষ্ট্র মন্ত্রণালয়কে আনুষ্ঠানিকভাবে কিছুই অবহিত করেনি সৌদি কর্তৃপক্ষ।

সৌদি গণমাধ্যমের বরাত দিয়ে জানা যায়, পবিত্র নগরী মক্কার একটি মসজিদে ‘অশালীন কর্মকাণ্ডে’ (ব্যভিচার) দোষী সাব্যস্ত হওয়ায় নজরুল ইসলাম আবদুল বশির ও সিথি আক্তার নামে দুই বাংলাদেশির এই সর্বোচ্চ শাস্তি কার্যকর করা হয়।

সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশ মিশনের শ্রমকল্যাণ উইংয়ের প্রাথমিক ধারণার কথা উল্লেখ করে শামা ওবায়েদ বলেন, “মক্কার একটি মসজিদের ভেতরে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে সৌদি আদালত তাদের নিজস্ব আইনে একে কঠোর অপরাধ হিসেবে গণ্য করে এই ব্যবস্থা নিয়ে থাকতে পারে। তবে আনুষ্ঠানিক জবাব না পাওয়া পর্যন্ত নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।”

মৃত্যুদণ্ড কার্যকরের আগে বাংলাদেশকে অবগত না করার বিষয়ে আনুষ্ঠানিক জবাব চাওয়া হয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, “আমাদের যা যা জানার প্রয়োজন, সবকিছুই জানতে চেয়েছি। তাদের উত্তর আসার পরই চূড়ান্ত বিষয়গুলো স্পষ্ট হবে। উত্তর পাওয়ার পর মরদেহ দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া নিয়ে আলোচনা করা সম্ভব হবে।”

ঘটনাটিকে দুঃখজনক উল্লেখ করে প্রবাসীদের উদ্দেশে তিনি কঠোর বার্তা দেন। তিনি বলেন, প্রবাসে কর্মরত বাংলাদেশিদের অবশ্যই সংশ্লিষ্ট দেশের আইনকানুন কঠোরভাবে মেনে চলতে হবে। কোনো দেশে অপরাধ করলে সেই দেশের আইনেই বিচার হয়, যা আমাদের জন্যও একটি বড় শিক্ষা।

তবে এ ঘটনার কারণে দ্বিপাক্ষিক সম্পর্কে প্রভাব পড়বে না উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের বিদ্যমান সম্পর্ক অত্যন্ত সুদৃঢ়। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর প্রধানমন্ত্রী তারেক রহমান সৌদি প্রতিনিধিদের সঙ্গে একাধিক বৈঠক করেছেন। এমনকি সৌদি আরবের একটি উচ্চপর্যায়ের সম্মেলনে অংশ নিতে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছে এবং বর্তমানে সেই সফরের প্রস্তুতি চলছে।



Leave a Comment