পরীমনিকে আইনি নোটিশ: নিঃশর্ত ক্ষমার দাবি
আদালত প্রতিবেদক: সাংবাদিকদের হয়রানি এবং জাতীয় সংগীত অবমাননার অভিযোগে চিত্রনায়িকা পরীমনিকে (শামসুন্নাহার স্মৃতি) লিখিতভাবে নিঃশর্ত ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়ে আইনি নোটিশ পাঠানো হয়েছে।
আজ রোববার (৮ নভেম্বর ২০২৬) সুপ্রিম কোর্টের আইনজীবী খন্দকার হাসান শাহরিয়ার ডাকযোগে পরীমনিসহ বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের সরকারি ঠিকানায় এই লিগ্যাল নোটিশ পাঠান।
আইনি নোটিশে আগামী ৭ দিনের মধ্যে আদালত প্রাঙ্গণে সংঘটিত অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য পরীমনিকে লিখিতভাবে নিঃশর্ত ক্ষমা চাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
একই সঙ্গে ভবিষ্যতে চলচ্চিত্র, ভিডিওচিত্র, অডিওভিজ্যুয়াল, স্থিরচিত্র কিংবা অন্য কোনো মাধ্যমে শৈল্পিক বা শিক্ষাগত মূল্যহীন অশ্লীল সংলাপ, হুমকি, অশ্লীল অভিনয় বা অঙ্গভঙ্গি এবং অর্ধনগ্ন নৃত্য প্রদর্শন থেকে সম্পূর্ণরূপে বিরত থাকার জন্য নোটিশে কঠোরভাবে সতর্ক করা হয়েছে।
নোটিশে আগামী ৭ দিনের মধ্যে পরীমনিকে শোকজ (কারণ দর্শানোর নোটিশ) জারি করে তাঁর বিরুদ্ধে উপযুক্ত ও প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করার জন্য বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের প্রতি আহ্বান জানানো হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ না নিলে সংশ্লিষ্টদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে নোটিশে স্পষ্ট উল্লেখ করা হয়।