ট্রেনের ধাক্কায় দুই ভাইসহ নিহত ৩

জানুয়ারি ১২, ২০২৬ | Feature-2 |

ফরিদপুরের বোয়ালমারীতে রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় পিকআপে থাকা আপন দুই ভাইসহ তিনজন নিহতের খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন।

সোমবার (১২ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে উপজেলার সোতাশী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নের বিলসড়াইল গ্রামের ছাইফার মোল্লার ছেলে জব্বার মোল্লা (১৫) ও মুছা মোল্লা (৩০) এবং অজ্ঞাত এক নারী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার ডোবরা ইউনিয়নের জনতা জুট মিল থেকে ১২ শ্রমিক কাজ শেষে একটি পিকআপে করে বাড়ি ফিরছিলেন। সোতাশী রেলক্রসিংয়ে এলে কালুখালী থেকে ছেড়ে আসা ভাটিয়াপাড়াগামী ট্রেনের ধাক্কায় পিকআপটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই জব্বার ও মুছার মৃত্যু হয়। হাসপাতালে নেওয়ার পর নারী শ্রমিকের মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে বোয়ালমারী থানার ওসি মো. আনোয়ার হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দুই ভাইয়ের লাশ উদ্ধার করা হয়েছে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। রেল পুলিশকে খবর দেওয়া হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

রাজবাড়ী রেলওয়ে থানার ওসি মিজানুর রহমান বলেন, দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। আমরা ঘটনাস্থলে রওনা দিয়েছি। বিস্তারিত পরবর্তীতে জানানো যাবে।



Leave a Comment