আমাদের কাছে শাসন মানে জনগণের সেবা করা: জামায়াত আমির
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমাদের কাছে শাসন মানে জনগণের সেবা করা। যদি আমরা সুযোগ পাই, আমরা জনগণের সেবক হিসেবে দেশ পরিচালনা করব এবং আমরা সর্বদা দায়িত্বের এই পবিত্র আমানতের মর্যাদা রক্ষা করবো।
মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত জামায়াতে ইসলামীর পলিসি সামিট-২০২৬-এ তিনি এ কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, ‘জামায়াতে ইসলামী এমন একটি রাষ্ট্র গঠনে বিশ্বাস করে যেখানে আধুনিক বাজার অর্থনীতি কার্যকর থাকবে, প্রশাসনিক কাঠামো হবে স্বচ্ছ ও জবাবদিহিমূলক। ধর্ম-বর্ণ-লিঙ্গ নির্বিশেষে প্রতিটি নাগরিক সমান সুযোগ পাবে।’
তিনি বলেন, ‘উন্নয়ন তখনই টেকসই হয়, যখন তা ন্যায়, স্বচ্ছতা ও নৈতিকতার ওপর প্রতিষ্ঠিত হয়।’
জামায়াতের এই শীর্ষ নেতা বলেন, ‘ভবিষ্যতে কোনো সরকার যেন রাষ্ট্রীয় সম্পদ বা অর্থনৈতিক ব্যবস্থাকে ব্যক্তিগত বা দলীয় স্বার্থে ব্যবহার করতে না পারে, সে বিষয়ে জামায়াতে ইসলামী আপসহীন থাকবে।
দুর্নীতি, লুটপাট ও স্বজনপ্রীতির সংস্কৃতি রাষ্ট্রকে ভেতর থেকে দুর্বল করে দেয় উল্লেখ করে তিনি বলেন, ‘আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী স্বচ্ছতা বজায় না থাকলে প্রকৃত উন্নয়ন সম্ভব নয়।’
তিনি বলেন, আমরা গর্বিত যে আমাদের দলের সদস্য সংখ্যার ৪৩ শতাংশ নারী। আমাদের দল সারাদেশে এমন সুযোগ সৃষ্টিতে প্রতিশ্রুতিবদ্ধ- যাতে কোনো মেয়েই পিছিয়ে না থাকে এবং তারা নতুন বাংলাদেশে সমান নাগরিক হিসেবে তাদের পূর্ণ সম্ভাবনা বিকাশ করতে পারে। যারা সবার জন্য সমান সুযোগে বিশ্বাস করে, আমরা তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াব।
আমরা বাংলাদেশকে একটি সমৃদ্ধ ও আধুনিক বাজার অর্থনীতি হিসেবে পুনর্গঠন করতে আমাদের আন্তর্জাতিক অংশীদারদের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করতে চাই।