দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠায় প্রতিজ্ঞাবদ্ধ জামায়াত: জামায়াত আমির
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য প্রতিজ্ঞাবদ্ধ জামায়াত। আবু সাঈদের ত্যাগ স্বীকার করে এগিয়ে যাচ্ছে জামায়াত। শনিবার সকাল ৮টার দিকে রংপুরে আবু সাঈদের কবর জিয়ারত শেষে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, দেশের এক ইঞ্চি জমির সম্মান আমরা কারও কাছে বন্ধক রাখবো না। যেভাবে আবু সাঈদেরা বুক পেতে দিয়েছিলো সেভাবে আমরাও বুক পেত দিতে রাজি আছি। আমরা কথা দিচ্ছি, জীবন যাবে কিন্তু অন্যায়ের কাছে মাথা নত করবো না।
জামায়াত আমির বলেন, আবু সাঈদেরা জীবন দিয়ে দেশের আমানত আমাদের কাছে রেখে গেছেন। আমরাও জীবন দিয়ে এসব আমানত রক্ষা কবরো। তাদের প্রত্যাশা ছিলো একটি দুর্নীতিমুক্ত, বৈষম্যমুক্ত স্বাধীন ইনসাফের বাংলাদেশ গড়ার। আমাদের নিজস্ব কোনো স্বপ্ন নেই। তাদের স্বপ্নই আমাদের স্বপ্ন। তাদের স্বপ্ন পূরনে আমরা কাজ করবো।
তিনি বলেন, কঠিন সঙ্কটেও আমরা আপনাদেরেক ছেড়ে যাইনি। পালাইনি। ভবিষ্যতেও পালাবো না। পরিস্থিতি যাই হোক, আপনাদের সাথেই থাকবো।
পরে কবর জেয়ারত শেষে তিনি শহীদ আবু সাঈদের পিতা ও বড় ভাইয়ের সাথে শহীদের স্মৃতি বিজড়িত বাড়িতে প্রবেশ করেন। মোনাজাতে মহান আল্লাহর কাছে শহীদ আবু সাঈদের জন্য ক্ষমা প্রার্থনা করে জামায়াত আমির বলেন, হে আল্লাহ শহীদ আবু সাঈদ রহিমাহুল্লাহ আধিপত্যবাদবিরোধী আন্দোলনের জন্য জীবন দিয়েছে। তুমি আমাদের দেশকে আধিপত্যবাদের হাত থেকে রক্ষা কর। আমাদেরকেও শহীদদের পথে কবুল কর। আমরাও যেন শহীদ আবু সাঈদের পথ ধরে এই দেশকে আধিপত্যবাদের মোকাবেলা করার তৌফিক দান কর।
জামায়াত আমিরের সাথে শহীদ আবু সাঈদের কবর জেয়ারতে আরও ছিলেন দলটির সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল হালিম, এনসিপির কেন্দ্রীয় সদস্য সচিব আকতার হোসেন, শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি সিবগাতুল্লাহ সিবগা প্রমুখ।
আবু সাঈদের কবর জেয়ারত শেষে সকাল ১০টায় গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলায়, বেলা ১২টায় বগুড়া শহরে, দুপুর আড়াইটায় বুড়া জেলার শেরপুর উপজেলায়, বেলা সাড়ে ৩টায় সিরাজগঞ্জ শহরে, বিকেল ৪টায় সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়ায় এবং সন্ধ্যা সাড়ে ৬টায় পাবনা শহরে নির্বাচনি সমাবেশে বক্তব্য রাখবেন জামায়াত আমির।