টাকা ফেরতসহ ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমিরকে পরিবারের কাছে হস্তান্তর
টাকা ফেরতসহ ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন প্রধানকে পরিবারের কাছে হস্তান্তর করেছে প্রশাসন। বুধবার রাতে তাকে হস্তান্তর করা হয়।
এর আগে দুপুর ১২টার দিকে ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিনকে বিপুল পরিমাণ টাকাসহ আটক করা হয়।
টাকার উৎস জিজ্ঞাসা করা হলে তিনি জানান, এগুলো তার ব্যবসার টাকা। গার্মেন্টস ব্যবসার সাথে তার সম্পৃক্ততা রয়েছে এমনটাও জানান তিনি।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আগামীকাল বৃহস্পতিবার। এরআগে ঠাকুরগাঁওয়ের জামায়াত নেতার আটকের ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
তবে জামায়াতের পক্ষ থেকে জানানো হয়েছে ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিনকে সৈয়দপুর বিমানবন্দরে টাকাসহ আটকের ঘটনাটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাজানো নাটক বলে অভিযোগ করেছে জামায়াতে ইসলামী। দলটি জানিয়েছে, বিমানবন্দরের মতো সংরক্ষিত এলাকায় জামায়াতের একজন বয়স্ক দায়িত্বশীলকে এভাবে আটক করে জামায়াতকে বিতর্কিত করার অপপ্রয়াস চালানো হচ্ছে।