৭ মার্চের ভাষণ বাজানোর ঘটনায় গ্রেপ্তার ইমির জামিন
ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ বাজানোর ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হল সংসদের সাবেক ভিপি শেখ তাসনিম আফরোজ ইমিকে জামিন দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
আদালতে ইমির পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোতাহার হোসেন সাজু। ইমি এবারের ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ‘প্রতিরোধ পর্ষদ’ প্যানেলের সহসভাপতি (ভিপি) প্রার্থী ছিলেন।
ঘটনার বিবরণ
মামলার বিবরণী থেকে জানা যায়, চলতি বছরের ৭ মার্চ রাত সাড়ে ৯টার দিকে শাহবাগ থানার সামনে অবস্থান নিয়ে ৭ মার্চের ভাষণ বাজানোর কর্মসূচি ঘোষণা করেন শেখ তাসনিম আফরোজ ইমিসহ কয়েকজন। তারা একটি রিকশায় মাইক বেঁধে ভাষণটি বাজাচ্ছিলেন।
এ সময় ডাকসু নেতা এ বি জুবায়ের, মোসাদ্দেক এবং এনসিপির ছাত্রসংগঠন জাতীয় ছাত্র শক্তির আহ্বায়ক তাহমিদ আল মোদাসসিরসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী কর্মসূচিতে বাধা দেন। এক পর্যায়ে তারা ইমিসহ অন্যদের রিকশাসহ শাহবাগ থানার ভেতরে নিয়ে যান।
আইনি প্রক্রিয়া
থানায় নিয়ে যাওয়ার পর পুলিশ তাদের দীর্ঘক্ষণ আটকে রাখে। পরদিন (৮ মার্চ) শেখ তাসনিম আফরোজ ইমিসহ আটক তিনজনকে সন্ত্রাসবিরোধী আইনে শাহবাগ থানায় দায়ের করা একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। পুলিশ নিজেই বাদী হয়ে এই মামলাটি দায়ের করেছিল। দীর্ঘ কারাভোগের পর আজ উচ্চ আদালত থেকে জামিন পেলেন এই সাবেক ভিপি।