ঢাকা-সিলেট রুটে ডাবল রেললাইনের পরিকল্পনা করছে সরকার: প্রধানমন্ত্রী

মে ২, ২০২৬ | Feature-1 |

ফসলি জমি রক্ষা ও যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়নে গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নতুন নতুন রাস্তা তৈরি করতে গেলে কৃষি জমি নষ্ট হওয়ার ঝুঁকি থাকে। তাই সরকার সারা দেশে রেল যোগাযোগ বৃদ্ধিসহ বিশেষ করে ঢাকা-সিলেট রুটে রেলের ডাবল লাইন করার পরিকল্পনা গ্রহণ করেছে।

আজ শনিবার দুপুর ১২টার দিকে সিলেট সিটি করপোরেশন আয়োজিত এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জলাবদ্ধতা নিরসনে খাল খনন কর্মসূচি

সিলেটের জলাবদ্ধতা সমস্যা সমাধানে প্রধানমন্ত্রী বলেন, অতিবৃষ্টিতে সৃষ্ট দুর্ভোগ কমাতে এবং পানির যথাযথ ব্যবহার নিশ্চিত করতে সরকার দেশব্যাপী খাল খনন কর্মসূচি গ্রহণ করেছে। এর মাধ্যমে শুষ্ক মৌসুমে পানি ধরে রাখা সম্ভব হবে। তিনি ভূগর্ভস্থ পানি উত্তোলনের ভয়াবহতা উল্লেখ করে বলেন, “আমরা মাটির নিচ থেকে অতিরিক্ত পানি তুলছি যা পুরো পরিস্থিতির জন্য বিপজ্জনক। এই সংকট মোকাবিলায় আমাদের প্রথম কাজ হবে খাল খনন করে প্রাকৃতিক জলাধার রক্ষা করা।”

কৃষকদের সহায়তা ও স্বাস্থ্য খাতের উন্নয়ন

নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে প্রধানমন্ত্রী বলেন, “নির্বাচনে জয়ী হওয়ার পর থেকেই আমরা কাজ শুরু করেছি। বর্তমানে অতিবৃষ্টির কারণে ক্ষতিগ্রস্ত হাওরাঞ্চলের কৃষকদের তিন মাস মেয়াদি বিশেষ সহায়তা প্রদান করা হবে।”

এ সময় সিলেটের স্বাস্থ্যসেবার উন্নয়নে বড় ঘোষণা দিয়ে তিনি বলেন, সিলেটের ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালটি দ্রুত পূর্ণাঙ্গভাবে চালু করা হবে এবং পরবর্তীতে এটিকে ১২০০ শয্যায় উন্নীত করার লক্ষ্য রয়েছে সরকারের। মানুষের শারীরিক সুস্থতা নিশ্চিত করাই সরকারের অন্যতম প্রধান লক্ষ্য।

সুধী সমাবেশে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



Leave a Comment