পূর্বধলায় বাস-সিএনজি সংঘর্ষে নিহত ২
নেত্রকোনার পূর্বধলায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। আজ শনিবার (২ মে) সকাল সাড়ে আটটার দিকে শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের বড় ইলাশপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি পূর্বধলা উপজেলার দক্ষিণ কালডোয়ার গ্রামের মৃত কাছম আলীর ছেলে আইনুল হক (৫০)। নিহত অন্যজন (৫০) অজ্ঞাতনামা এক পুরুষ যাত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্গাপুর থেকে ময়মনসিংহগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আইনুল হক প্রাণ হারান। দুর্ঘটনায় অটোরিকশার আরও তিন যাত্রী গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় অজ্ঞাতনামা আরও একজনের মৃত্যু হয়।
পূর্বধলা থানার অফিসার ইন-চার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত বাস ও সিএনজি জব্দ করেছে। তবে বাসের চালক পালিয়ে গেছে। নিহত অজ্ঞাত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।