সিলেটে ৯ বছরের শিশুকে ধর্ষণ: শ্রমিক দল নেতা গ্রেফতার
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় ৯ বছর বয়সি এক শিশুকে ধর্ষণের অভিযোগে বিল্লাল মিয়া (২৮) নামে এক শ্রমিক দল নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৫ মে) বিকেলে ভুক্তভোগী শিশুর মা থানায় লিখিত অভিযোগ দায়ের করার পর পুলিশ তাকে দ্রুত গ্রেফতার করে।
অভিযুক্তের পরিচয়
গ্রেফতারকৃত বিল্লাল মিয়া উপজেলার মৃত নূর মিয়ার ছেলে। তিনি ইসলামপুর পশ্চিম ইউনিয়নের ৩নং ওয়ার্ড শ্রমিক দলের সহ-সভাপতি এবং জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) উপজেলা কমিটির সাবেক সদস্য। পেশায় তিনি একজন মুরগি বিক্রেতা।
প্রলোভন দেখিয়ে পাশবিকতা
অভিযোগ সূত্রে জানা গেছে, মঙ্গলবার বেলা ১১টার দিকে শিশুটিকে বিদ্যালয়ে পৌঁছে দিয়ে আসেন তার মা। এর কিছুক্ষণ পরই পরিচিতির সুবাদে বিল্লাল মিয়া শিশুটিকে সাইকেল চালানো শেখানো এবং মিষ্টি কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে তার বাড়িতে নিয়ে যায়। সেখানে ঘরের দরজা বন্ধ করে শিশুটির ওপর পাশবিক নির্যাতন চালায় সে।
দুপুর ২টার দিকে অভিযুক্তের বোন বিষয়টি বুঝতে পেরে শিশুটির মাকে খবর দেন। মা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মেয়েকে উদ্ধার করেন এবং বিস্তারিত জানতে পারেন। স্থানীয়রা জানান, অভিযুক্ত বিল্লালের বিরুদ্ধে ইতিপূর্বেও একাধিক শ্লীলতাহানি ও ধর্ষণচেষ্টার অভিযোগ রয়েছে।
পুলিশি পদক্ষেপ ও স্বাস্থ্য পরীক্ষা
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন চন্দ্র কর্মকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়ায় আমরা অভিযুক্তকে আটক করেছি। শিশুটির মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন।”
পুলিশ আরও জানায়, ভুক্তভোগী শিশুটিকে উন্নত চিকিৎসা ও ফরেনসিক পরীক্ষার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।