বিশেষ কোনো ধর্ম বা গোষ্ঠীকে টার্গেট করবেন না: ভারতকে বিরোধীদলীয় নেতা
বিশেষ কোনো ধর্ম, বর্ণ কিংবা গোত্রকে টার্গেট করে কারও ক্ষতি না করার জন্য ভারত সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আজ শনিবার (৯ মে) দুপুরে এক সপ্তাহব্যাপী জাপান ও থাইল্যান্ড সফর শেষে দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
ভারতের পরিস্থিতি ও সাম্প্রদায়িক সম্প্রীতি:
পশ্চিমবঙ্গে মুসলিম নির্যাতন সংক্রান্ত এক প্রশ্নের জবাবে ডা. শফিকুর রহমান বলেন, “ভারতের সংবিধান ধর্মনিরপেক্ষ। তাই সেখানে সকল ধর্মের মানুষের ধর্মীয় ও নাগরিক অধিকার ভোগ করার পূর্ণ এখতিয়ার আছে। আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। পশ্চিমবঙ্গ কেন, পৃথিবীর যেকোনো জায়গায় নিরীহ মানুষের ওপর জুলুম হলে আমরা তার বিপক্ষে এবং মজলুমের পাশে থাকব।” তিনি আরও যোগ করেন, প্রতিবেশীকে সম্মান দিলেও কোনো প্রতিবেশীর অপমান সহ্য করা হবে না।
জুলাই যোদ্ধাদের চিকিৎসা ও সরকারি ব্যর্থতা:
সফর শেষে ফেরার পথে থাইল্যান্ডের হাসপাতালে চিকিৎসাধীন ৬৪ জন ‘জুলাই যোদ্ধা’কে দেখার অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি বলেন, “আহতদের শারীরিক অবস্থা অত্যন্ত করুণ; কেউ প্যারালাইজড, কারও শরীরের হাড় নেই। তাদের সুচিকিৎসা নিশ্চিত করা আমাদের নৈতিক ও রাজনৈতিক দায়িত্ব।”
সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “নওগাঁ বা চট্টগ্রামের মতো এলাকায় যারা অপরাধ করে পালিয়ে যাচ্ছে, তাদের বিরুদ্ধে ফেসবুকে নয়, বাস্তবে ব্যবস্থা নিন। দলীয়করণ বাদ দিয়ে মানুষের নিরাপত্তা নিশ্চিত করুন। যাদের দেশে চিকিৎসা সম্ভব নয়, বিশেষ করে জটিল নার্ভ ইনজুরির রোগীদের দ্রুত সিঙ্গাপুরে পাঠান।”
গণভোটের রায় ও ‘শুভঙ্করের ফাঁকি’:
প্রবাসীদের সঙ্গে আলোচনার প্রসঙ্গ টেনে বিরোধীদলীয় নেতা বলেন, “প্রবাসে থাকা আহত যোদ্ধারাও জানিয়েছেন, জুলাই সনদ ও গণভোটের রায় অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করতে হবে। এখানে কোনো ধরনের ‘শুভঙ্করের ফাঁকি’ বা অসম্পূর্ণ বাস্তবায়ন বরদাশত করা হবে না।”
জাপান সফরের অর্জন ও উন্নয়ন প্রস্তাব:
জাপান সফর সম্পর্কে তিনি জানান, দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভাইস মিনিস্টারসহ বিভিন্ন দাতা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে দুর্যোগ ব্যবস্থাপনা, পানি সরবরাহ ও রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশে একটি আধুনিক ক্যান্সার ইনস্টিটিউট ও হাসপাতাল স্থাপনের প্রস্তাব জাপানি প্রতিনিধিদের কাছে তুলে ধরেছেন বলেও জানান তিনি।
বাজার পরিস্থিতি ও দ্রব্যমূল্য:
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ নিয়ে তিনি বলেন, বাজার পরিস্থিতি খতিয়ে দেখতে তিনি নিজে পাইকারি ও খুচরা বাজার পরিদর্শন করবেন এবং প্রয়োজনে উৎপাদন পর্যায়েও যাবেন।
দায়িত্বশীল বিরোধী দলের ভূমিকা:
ডা. শফিকুর রহমান স্পষ্ট করে বলেন, “সরকারের ভালো কাজে আমরা সহযোগিতা করব। তবে দেশের ক্ষতি হলে দায়িত্বশীল বিরোধী দল হিসেবে প্রতিবাদ এবং প্রয়োজন হলে প্রতিরোধ গড়ে তোলা হবে।”
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ, নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, ঢাকা মহানগর দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল এমপি ও উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিনসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।