শাপলা চত্বর ট্র্যাজেডি: শেখ হাসিনাসহ পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

July 27, 2026 | Feature-2 |

নিউজ ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাযজ্ঞ ও মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ এবং সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদসহ ৪১ জনের বিরুদ্ধে দাখিল করা আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মামলার পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

আজ সোমবার (২৭ জুলাই) দুপুরে প্রসিকিউশনের জমা দেওয়া চার্জশিট পরীক্ষা-নিরীক্ষা শেষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলামের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন।

পলাতকদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
মামলার এজাহারে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও তৎকালীন সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ এবং সাবেক আইজিপি বেনজীর আহমেদসহ বেশ কয়েকজন প্রভাবশালী ব্যক্তিকে পলাতক হিসেবে দেখানো হয়েছে।

প্রসিকিউশনের পক্ষ থেকে পলাতক আসামিদের বিচারের মুখোমুখি করতে অবিলম্বে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন জানানো হয়েছিল। ট্রাইব্যুনাল প্রসিকিউশনের আবেদন মঞ্জুর করে তাঁদের দ্রুত গ্রেপ্তার করার নির্দেশ প্রদান করেন।

বর্তমানে কারাগারে ৯ হেভিওয়েট আসামি
শাপলা চত্বরে মানবতাবিরোধী অপরাধের এ মামলায় ইতোমধ্যে ৯ জন উচ্চপদস্থ কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তিকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

কারাগারে থাকা আসামিরা হলেন:

সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু

অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসান

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহিদুল হক

পুলিশের সাবেক উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মোল্যা নজরুল ইসলাম

একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির উপদেষ্টামণ্ডলীর সভাপতি শাহরিয়ার কবির

সাবেক ডিআইজি আবদুল জলিল মণ্ডল

জ্যেষ্ঠ সাংবাদিক ফারজানা রূপা ও মোজাম্মেল বাবু

৫৮ জন নিহতের তথ্য প্রমাণ ও মামলার ব্যাকগ্রাউন্ড
চিফ প্রসিকিউটর জানান, তদন্ত সংস্থা ও প্রসিকিউশন ২০১৩ সালের ৫ মে দিনভর হেফাজতের মহাসমাবেশ শেষে রাতে শাপলা চত্বরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে মোট ৫৮ জন নিহতের সুনির্দিষ্ট প্রমাণ হাতে পেয়েছে।

উল্লেখ্য, গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর, শাপলা চত্বরে ঘটে যাওয়া ওই অভিযানের সঠিক তদন্ত ও বিচারের দাবিতে হেফাজতে ইসলামের পক্ষ থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়। তার ধারাবাহিকতায়ই দীর্ঘ তদন্ত শেষে প্রসিকিউশন এই চার্জ দাখিল করল।



Leave a Comment