বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, “পাঁচ কোটি মানুষের গণভোটের রায়কে অস্বীকার করে দেশে নতুন সংকট তৈরি করবেন না। ইতিহাস থেকে শিক্ষা নিন, অন্যথায় অতীতে যারা ফ্যাসিবাদী পথ বেছে নিয়েছিল, তাদের মতোই পরিণতি ভোগ করতে হবে।”
রবিবার (১০ মে) বিকেলে চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ১১ দলীয় ঐক্যের সেমিনারে প্রধান আলোচকের বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জুলাই সনদ ও বিএনপির অবস্থান:
মিয়া গোলাম পরওয়ার বলেন, প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সালাউদ্দিন সাহেব ঘোষণা দিয়েছিলেন যে জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করা হবে। প্রধানমন্ত্রীও বিভিন্ন জায়গায় একই কথা বলেছেন। কিন্তু তারা গণভোটের রায় বাস্তবায়নের কথা বলছেন না কেন? তিনি অভিযোগ করেন, বিএনপি জুলাই সনদকে আন্দোলনের স্পিরিট অনুযায়ী নয়, বরং নিজেদের মতো করে বাস্তবায়ন করতে চায়।
নোট অফ ডিসেন্ট ও স্বৈরাচার প্রসঙ্গ:
বিএনপির তীব্র সমালোচনা করে তিনি বলেন, “জুলাই সনদে বিএনপি যে ১০টি বিষয়ে ‘নোট অফ ডিসেন্ট’ দিয়েছে, সেগুলোই স্বৈরাচার উৎপাদনের প্রধান হাতিয়ার। দেশের ৭০ শতাংশ মানুষ গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিয়ে সেই নোট অফ ডিসেন্টগুলো ইতোমধ্যে খারিজ করে দিয়েছে।”
সরকারের প্রতি হুঁশিয়ারি: সরকারের উদ্দেশে তিনি বলেন, “বল এখন আর জামায়াতের কোর্টে নেই, বল আপনাদের কোর্টে। আপনারা যদি ভুল করেন, তবে সেই বল আপনাদের বারেই ঢুকে যাবে। জনগণের ভাষা বুঝতে চেষ্টা করুন।” তিনি আরও উল্লেখ করেন যে, গণভোটের রায় বাস্তবায়ন না করলে সরকার বড় ধরণের সংকটে পড়বে।
সেমিনারের অন্যান্য চিত্র:
চট্টগ্রাম মহানগরী জামায়াতের আমীর মুহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে এবং সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এলডিপি চেয়ারম্যান ড. কর্নেল অলি আহমদ (বীর বিক্রম)।
সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান।
কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী এমপি।
দক্ষিণ জেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম এমপি।
সংবিধান বিশেষজ্ঞ ব্যারিস্টার মুহাম্মদ বেলায়েত হোসেন।
জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার।
ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুহাম্মদ শহীদুল ইসলাম।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির। বক্তারা জাতীয় ঐক্যের মাধ্যমে জুলাই আন্দোলনের লক্ষ্য অর্জনে সকলকে সজাগ থাকার আহ্বান জানান।


