দেশে টিকাদান কার্যক্রম জোরদার করতে ইউনিসেফের মাধ্যমে ১০টি ভিন্ন ধরনের প্রায় ৯ কোটি ৫০ লাখ (৯৫ মিলিয়ন) ডোজ ভ্যাকসিন সংগ্রহের পরিকল্পনা চূড়ান্ত করেছে সরকার। মঙ্গলবার সকালে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান এই তথ্য জানান।
ভ্যাকসিন সংগ্রহ ও অর্থায়ন
তথ্য উপদেষ্টা জানান, এই বিশাল পরিমাণ ভ্যাকসিন সংগ্রহের লক্ষ্যে সরকার ইতোমধ্যেই ইউনিসেফকে ৮৩.৬ মিলিয়ন মার্কিন ডলার প্রদান করেছে। সংগৃহীতব্য ভ্যাকসিনের মধ্যে এমআর, টিডি, বিসিজি, টিসিভি, ওরাল পোলিও (ওপিভি) ও পেন্টা ভ্যাকসিনসহ ১০টি জীবনরক্ষাকারী প্রতিষেধক রয়েছে।
সরবরাহ ও মজুদের বর্তমান অবস্থা
ভ্যাকসিন আসার সময়সীমা উল্লেখ করে ডা. জাহেদ উর রহমান বলেন:
মে মাসেই ভ্যাকসিনের বড় কয়েকটি চালান দেশে পৌঁছেছে।
গত ৩ মে ১৫ লাখ ডোজ আইপিভি, ৬ মে ১৫ লাখ ডোজ এমআর এবং ৯ লাখ ডোজ টিডি ভ্যাকসিন দেশে আসে।
১০ মে পর্যন্ত সব মিলিয়ে প্রায় ১ কোটি ৩২ লাখ ডোজ ভ্যাকসিন সরকারের হাতে পৌঁছেছে।
আগামী সেপ্টেম্বরের মধ্যে ৯৫ মিলিয়ন ডোজের পুরো সরবরাহ সম্পন্ন হবে।
নতুন এই সরবরাহের ফলে আগামী ৮ থেকে ১২ মাস দেশে ভ্যাকসিনের কোনো ঘাটতি হবে না।
হাম নির্মূল ও শিশু স্বাস্থ্য
উপদেষ্টা জানান, ৬ মাস থেকে ৫ বছরের নিচের প্রায় ১ কোটি ৮০ লাখ শিশুকে এমআর টিকা প্রদানের লক্ষ্যমাত্রা ইতোমধ্যেই অর্জিত হয়েছে। সাম্প্রতিক সময়ে হামে শিশু মৃত্যুর ঘটনায় দুঃখ প্রকাশ করে তিনি বলেন, সরকার অত্যন্ত গুরুত্বের সঙ্গে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং যেকোনো মূল্যে শিশু মৃত্যু রোধে কাজ করে যাচ্ছে।
জ্বালানি ও বিদ্যুৎ পরিস্থিতি
জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে ‘মডার্নাইজেশন এন্ড এক্সপানশন অব ইস্টার্ণ রিফাইনারী লিমিটেড (ইআরএল)’ প্রকল্প ২০৩০ সাল পর্যন্ত হাতে নেওয়া হয়েছে। তিন সপ্তাহ বন্ধ থাকার পর গত ৮ মে থেকে ইআরএল পুনরায় কার্যক্রম শুরু করেছে। এছাড়া, মে মাসের ১১ তারিখ পর্যন্ত দেশে কোনো লোডশেডিং হয়নি বলেও জানান তিনি।
ঈদ যাত্রা ও নৌ-নিরাপত্তা
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে ২০-৩১ মে পর্যন্ত বিআরটিএ-তে কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ স্থাপন করা হবে। এছাড়া:
১২টি সেতুর টোল প্লাজায় ২০ মে’র মধ্যে স্বয়ংক্রিয় টোল আদায়ের জন্য পিওএস (POS) মেশিন বসানো হবে।
১০-১৬ মে পর্যন্ত নৌ-নিরাপত্তা সপ্তাহ পালিত হচ্ছে।
সদরঘাটে সরাসরি নৌকা থেকে লঞ্চে যাত্রী ওঠা নিষিদ্ধ করা হয়েছে এবং বসিলা ও শিমুলিয়া থেকে বিশেষ লঞ্চ সার্ভিসের ব্যবস্থা করা হচ্ছে।
সংবাদ ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ ইয়াসীন এবং প্রধান তথ্য অফিসার সৈয়দ আবদাল আহমদ।


